আসামি 'বন্দুকযুদ্ধে' মারা যাওয়ায় তদন্ত নিয়ে শঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলা ঘটনার এক মাস পূর্ণ হলো আজ রোববার। এই জঙ্গি হামলায় পুলিশের দুজন সদস্যসহ চারজন নিহত হন। ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় আটক সন্দেহভাজন হামলাকারী শফিউল ইসলাম গত বৃহস্পতিবার ময়মনসিংহের নান্দাইলে র্যা বের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। তাঁর মৃত্যুতে তদন্ত নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় ব্যক্তিরা।
পুলিশ জানিয়েছে, শফিউল ছিলেন শোলাকিয়ায় হামলা মামলার প্রধান আসামি। মামলার আরেক আসামি কিশোরগঞ্জ শহরের তারাপাশা এলাকার জাহিদুল হকসহ সন্দেহভাজন হিসেবে আটক ছয়জন কিশোরগঞ্জ কারাগারে আছেন।
শফিউল মারা যাওয়ায় মামলার তদন্তে সমস্যা হতে পারে বলে মনে করছেন স্থানীয় ব্যক্তিরা। তবে এ বিষয়ে কেউ নাম প্রকাশ করে কোনো মন্তব্য করতে রাজি নন।
মামলার প্রধান আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত হওয়ার ঘটনায় মামলার তদন্তে কেনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবে কি না, এমন প্রশ্নের জবাবে তদন্ত কর্মকর্তা ও কিশোরগঞ্জ সদর থানার পরিদর্শক মোহাম্মদ মুর্শেদ জামান গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, ‘শফিউল মারা যাওয়ায় মামলার তদন্তে কোনো সমস্যা হওয়ার কথা না। মামলা স্বাভাবিক গতিতেই চলবে। মামলার কোনো আসামিই যদি বেঁচে না থাকে, তাহলে কি কোনো মামলা আটকা থাকে?’
পুলিশ এর আগে বলেছিল, শফিউল ও জাহিদুলকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা গেলে বিস্তারিত জানার সুযোগ হতে পারত। এ বিষয়ে মুর্শেদ জামান বলেন, ‘কে বেঁচে থাকলে কী হতো আর মরে গেলে কী হবে—এ অনিশ্চয়তা নিয়ে পুলিশ বসে থাকে না। আদালতের আদেশমতো তদন্তকাজ চলবে।’ তিনি বলেন, এক মাসের তদন্তে যথেষ্ট অগ্রগতি হয়েছে। সেগুলো যাচাই-বাছাই করে খুব দ্রুত পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
গত ৭ জুলাই ঈদের দিন কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহের অদূরে আজিম উদ্দিন উচ্চবিদ্যালয়ের পাশে তল্লাশিচৌকিতে পুলিশ সদস্যদের ওপর সশস্ত্র হামলা চালায় জঙ্গিরা। এ হামলার ঘটনায় পুলিশের দুই সদস্য, সন্দেহভাজন জঙ্গি আবির রহমান এবং স্থানীয় বাসিন্দা ঝর্ণা রানী নিহত হন।
নিহত ঝর্ণা রানী ভৌমিকের পরিবারের সদস্যরা এখনো দুঃসহ স্মৃতি কাটিয়ে উঠতে পারেনি। শোকস্তব্ধ পুরো পরিবার। ঝর্ণা রানীর স্বামী গৌরাঙ্গনাথ ভৌমিক প্রথম আলোকে বলেন, একটা অস্বাভাবিক মৃত্যু তাঁর সুখের সংসারকে তছনছ করে দিয়েছে। ঘটনার পর থেকেই মন্ত্রী-সাংসদ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এসে তাঁদের নানাভাবে সান্ত্বনা ও আর্থিক সহায়তার আশ্বাস দিয়ে আসছেন। কিন্তু দিন যতই যাচ্ছে, অনেকেই তাঁদের দেওয়া প্রতিশ্রুতির কথাও ভুলে যাচ্ছেন।