আসামিকে অনুকম্পা না দেখাতে প্রধানমন্ত্রীর কাছে দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের ফৌজিয়া রহমান ওরফে চাঁপা হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি জহিরুল আলম কামালের সাজা মাফ করার আবেদনে প্রধানমন্ত্রী যাতে অনুকম্পা না দেখান, এ জন্য জোরালো দাবি জানিয়েছে ভুক্তভোগীর পরিবার ও বাংলাদেশ মহিলা পরিষদ।
আজ মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক যৌথ সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, এ বিষয়ে উদ্বেগের কথা জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি দেওয়া হবে। এ ছাড়া সারা দেশে প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে।
মহিলা পরিষদের পক্ষ থেকে বলা হয়, চাঁপা হত্যা মামলাটি বহুল আলোচিত ও গুরুত্বপূর্ণ। ২০১৫ সালে এসে মহিলা পরিষদ জানতে পারে, আসামি জহিরুলের সাজা মাফ চেয়ে করা আবেদন প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। আইন মন্ত্রণালয়ের মতামতসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় আবেদনটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠিয়েছে।
সংগঠনটি বলেছে, জহিরুল ২২ বছর পলাতক থাকার পর ২০১১ সালে আত্মসমর্পণ করেন। তিনি মাত্র চার বছর সাজা ভোগ করেছেন। এই অবস্থায় অসুস্থতার কারণ দেখিয়ে তাঁর অবশিষ্ট সাজা মওকুফের জন্য আবেদন করা হয়েছে। এই খবরে মহিলা পরিষদ গভীরভাবে উদ্বিগ্ন ও মর্মাহত। এই ঘটনা নারীর প্রতি সহিংসতাকে উৎসাহিত করবে। জাতিসংঘের মানবাধিকার সদন ও সিডও সনদ অনুযায়ী বাংলাদেশ কোনোভাবেই এই ধরনের পদক্ষেপ নিতে পারে না।

সংবাদ সম্মেলনে চাঁপার পরিবারের পক্ষ থেকেও একই দাবি জানানো হয়।
১৯৮৯ সালের ১৮ অক্টোবর চাঁপাকে রড দিয়ে পিটিয়ে হত্যা করা হয়। এ হত্যার বিচারের দাবিতে ওই সময় বাংলাদেশ মহিলা পরিষদ, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন রাস্তায় নেমেছিল। কারাদণ্ডপ্রাপ্ত জহিরুল চাঁপার দেবর। ২২ বছর পলাতক থাকার পর ২০১১ সালে তিনি আত্মসমর্পণ করেন। তিনি ছিলেন বরিশালের রেফকো ল্যাবরেটরিজের পরিচালক। তিনি এখন বরিশাল কারাগারের কয়েদি।
অসুস্থতার কারণ দেখিয়ে জহিরুলের অবশিষ্ট সাজা মওকুফের জন্য তাঁর স্ত্রী জেসমিন জাহান রাষ্ট্রপতি বরাবর আবেদন করেছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র বলেছে, আইন মন্ত্রণালয় জহিরুলের স্ত্রীর করা এই আবেদনে সুপারিশ করেছে। প্রধানমন্ত্রীর অনুমোদন পেলে এ প্রস্তাব যাবে রাষ্ট্রপতির কাছে।
আবেদনের বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামতে বলা হয়েছে, জেসমিন জাহানের আবেদনের বক্তব্য কয়েদির মেডিকেল রিপোর্ট, চিকিৎসা প্রত্যয়নপত্র ও প্যাথলজির রিপোর্ট দ্বারা সমর্থিত হয়েছে। পর্যালোচনায় দেখা যায়, জহিরুল জটিল হৃদ্‌রোগে ভুগছেন এবং তাঁর বর্তমান শারীরিক অবস্থায় বাংলাদেশে প্রয়োজনীয় চিকিৎ​সা পাওয়ার সুযোগ নেই। রাষ্ট্রপতি সদয় ইচ্ছা পোষণ করলে তাঁর ওপর আরোপিত দণ্ডের মেয়াদ কমিয়ে অবশিষ্ট সাজা (কারাদণ্ড ও জরিমানা) মওকুফ করতে পারেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণ অনুযায়ী, বরিশাল ব্রজমোহন কলেজের ছাত্রী ও গৃহবধূ চাঁপা হত্যার ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) মামলাটির পুনঃতদন্ত করে ১৯৯০ সালের ২৪ মে জহিরুলকে আসামি করে অভিযোগপত্র দেয়। ১৯৯৪ সালের ২৩ জানুয়ারি বিচারিক আদালত এ মামলার রায়ে চাঁপা হত্যার দায়ে জহিরুলকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন। তিনি আপিল করলে হাইকোর্ট তাঁকে বেকসুর খালাস দেন। এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করলে আপিল বিভাগ আসামিকে ৩০ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেন।
কারা অধিদপ্তরের বিবরণীতে দেখা যায়, কয়েদি জহিরুলের বয়স ৪৬ বছর। তাঁর সম্ভাব্য মুক্তির তারিখ ২০৩৭ সালের ১১ অক্টোবর।