বরিশালের ফৌজিয়া রহমান ওরফে চাঁপা হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি জহিরুল আলম কামালের সাজা মাফ করার আবেদনে প্রধানমন্ত্রী যাতে অনুকম্পা না দেখান, তার দাবি জানিয়েছে নিহত গৃহবধূর পরিবার ও বাংলাদেশ মহিলা পরিষদ।
রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে গত মঙ্গলবার এক যৌথ সংবাদ সম্মেলনে বলা হয়, চাঁপা হত্যা মামলাটি বহুল আলোচিত ও গুরুত্বপূর্ণ। এ বছর মহিলা পরিষদ জানতে পারে, আসামি জহিরুলের সাজা মাফ চেয়ে আবেদন করা হয়েছে। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন মন্ত্রণালয়ের মতামতসহ আবেদনটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠিয়েছে।
সংগঠনটি বলেছে, জহিরুল ২২ বছর পলাতক থাকার পর ২০১১ সালে আত্মসমর্পণ করেন। ৩০ বছর কারাদণ্ডের মধ্যে মাত্র চার বছর সাজা ভোগ করেছেন। এ অবস্থায় অসুস্থতার কারণ দেখিয়ে তাঁর অবশিষ্ট সাজা মওকুফের জন্য আবেদন করা হয়েছে। এ খবরে মহিলা পরিষদ গভীরভাবে উদ্বিগ্ন।
মহিলা পরিষদের দেওয়া তথ্যে বলা হয়, আসামিপক্ষে এই মামলা পরিচালনা করেন আনিসুল হক (বর্তমান আইনমন্ত্রী) ও তাঁর বাবা সিরাজুল হক, আইনজীবী আবদুল মালেক, খন্দকার মাহবুব হোসেন ও অন্যরা। চাঁপার পরিবারের পক্ষ থেকে বলা হয়, এ রকম নৃশংস হত্যাকাণ্ডের আসামি মাত্র চার বছর সাজা ভোগ করার পর তাঁর সাজা মওকুফের আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয় কীভাবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠাতে পারে, তা তাঁরা ভাবতেই পারছেন না। আসামির সাজা মাফ করা হলে তাঁরা চরম নিরাপত্তাহীনতার মধ্যে পড়বেন।
১৯৮৯ সালের ১৮ অক্টোবর চাঁপাকে রড দিয়ে পিটিয়ে হত্যা করা হয়। এই হত্যার বিচারের দাবিতে ওই সময় বাংলাদেশ মহিলা পরিষদ, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন রাস্তায় নেমেছিল। কারাদণ্ডপ্রাপ্ত জহিরুল চাঁপার দেবর। ২২ বছর পলাতক থাকার পর ২০১১ সালে তিনি আত্মসমর্পণ করেন। তিনি ছিলেন বরিশালের রেফকো ল্যাবরেটরিজের পরিচালক। তিনি এখন বরিশাল কারাগারে বন্দী।
স্বামীর অসুস্থতার কারণ দেখিয়ে জহিরুলের অবশিষ্ট সাজা মওকুফের জন্য তাঁর স্ত্রী জেসমিন জাহান রাষ্ট্রপতির কাছে আবেদন করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র বলেছে, আইন মন্ত্রণালয় জহিরুলের সাজা মওকুফের সুপারিশ করেছে। এখন প্রধানমন্ত্রীর অনুমোদন পেলে এই প্রস্তাব যাবে রাষ্ট্রপতির কাছে।
মামলার সংক্ষিপ্ত বিবরণ অনুযায়ী, বরিশাল ব্রজমোহন কলেজের ছাত্রী ও গৃহবধূ চাঁপা হত্যার ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) মামলাটির পুনঃ তদন্ত করে ১৯৯০ সালের ২৪ মে জহিরুলকে আসামি করে অভিযোগপত্র দেয়। এই মামলায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ জহিরুলকে ৩০ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেন।