আসামিকে অব্যাহতির ঘটনায় রিভিশন
রাজনৈতিক হয়রানিমূলক মামলা হিসেবে অভিহিত সাতক্ষীরায় হত্যাচেষ্টা মামলার এক আসামিকে খালাস দেওয়ার ঘটনায় রিভিশন পিটিশন দাখিল করা হয়েছে। গত রোববার মামলার বাদী সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতে এই পিটিশন দাখিল করেন। আদালত আগামী ২৬ এপ্রিল মামলার মূল নথি তলব ও আসামিকে আদালতে হাজির হওয়ার জন্য নোটিশ জারির নির্দেশ দিয়েছেন।রিভিশন পিটিশনে উল্লেখ করা হয়, তাঁর চাচাতো ভাই রওশান আলী শেখকে ২০০৭ সালের ২৫ মে জবাই করে হত্যার চেষ্টা করা হয়। রওশান আলীর জবানবন্দির ভিত্তিতে তিনি সাতক্ষীরা পৌরসভার কাউন্সিলর শহীদুল ইসলামকে প্রধান আসামি করে সাতজনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা করেন।ইয়ার আলী আরও বলেন, রাজনৈতিক হয়রানিমূলক মামলা হিসেবে গণ্য করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে মুখ্য বিচারিক হাকিমের আদালতের বিচারক এ এইচ এম সামছুল আরেফিন গত ২৯ নভেম্বর মামলার প্রধান আসামি শহীদুল ইসলামকে মামলা থেকে খালাস দেন। এজাহার, সাক্ষীদের জবানবন্দি ও অভিযোগ পর্যালোচনা না করে রাজনৈতিক সম্পৃক্ততা না থাকার পরও শহীদুল ইসলামকে রাজনৈতিক মামলার আসামি হিসেবে গণ্য করা ন্যায়বিচারের পরিপন্থী।গত ৩১ জানুয়ারি প্রথম আলোয় ‘সাতক্ষীরা রওশন হত্যা চেষ্টা মামলা: জেএমবি-সমপৃক্ততার অভিযোগ, তবু মামলা থেকে অব্যাহতি!’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।