আসামিকে আদালতে নিতে চেয়ারম্যানের বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে একটি প্রতারণা মামলায় গ্রেপ্তার হওয়া এক আসামিকে আদালতে নেওয়ার সময় বাধা দিয়েছেন ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক সাহাদাত হোসেন৷
বাধা উপেক্ষা করে আসামিকে আদালতে চালান দেওয়ায় ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে তাঁকে ২৪ ঘণ্টার মধ্যে অপসারণের দাবি জানিয়েছেন সাহাদাত৷ এদিকে সাহাদাতের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা আওয়ামী লীগ৷
ভাঙ্গা থানার পুলিশ জানায়, একটি প্রতারণা মামলার আসামি হিসেবে পুলিশ গতকাল সকালে উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের মোটরা গ্রাম থেকে নওরোজ জমাদ্দারকে (৬০) গ্রেপ্তার করে৷ নওরোজ সাহাদাত হোসেনের সমর্থক। আর সাহাদাত এলাকার স্বতন্ত্র সাংসদ মজিবর রহমান ওরফে নিক্সন চৌধুরীর সমর্থক৷
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে নওরোজকে গাড়িতে বসিয়ে ফরিদপুরের আদালতের উদ্দেশে রওনা হয় ভাঙ্গা থানার পুুলিশ। গাড়িটি ভাঙ্গা থানার ফটক পার হয়ে সামনের সড়কে কয়েক গজ আসামাত্রই সাহাদাত গাড়ি নিয়ে পথ আটকান৷ তিনি গাড়ি থেকে নেমে নওরোজকে চালান না দিতে অনুরোধ করেন৷ এ নিয়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে তঁার বাগ্বিতণ্ডা হয়। খবর পেয়ে থানার ওসি নাজমুল ইসলাম অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলে ছুটে আসেন৷ এরপর সাহাদাত রাস্তা ছেড়ে দিলে পুলিশ নওরোজকে ফরিদপুরের বিচারিক হাকিমের আদালতে নিয়ে যায়৷
পুলিশের কাজে বাধা দেওয়ার প্রতিবাদে বেলা সাড়ে ১২টার দিকে ভাঙ্গা বিশ্বরোড মোড়ে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল থেকে চেয়ারম্যান সাহাদাতের শাস্তি দাবি করা হয়। মিছিলে ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফাইজুর রহমান, সাংগঠনিক সম্পাদক শরীফুজ্জামান, রাজ্জাক ফকির প্রমুখ। তাঁরা সবাই আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহর সমর্থক৷ গত ৫ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে কাজী জাফরউল্লাহ নিক্সন চৌধুরীর কাছে পরাজিত হন৷
আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলের পর বেলা দেড়টার দিকে ওসির অপসারণের দাবিতে ভাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে সমাবেশ করেন চেয়ারম্যান সাহাদাত৷ তিনি সমাবেশে বলেন, ‘পুলিশ নওরোজকে বিনা কারণে গ্রেপ্তার করেছে। ২৪ ঘণ্টার মধ্যে ওসিকে অপসারণ করা না হলে আন্দোলনের কঠোর কর্মসূচি দেওয়া হবে।’
এ ব্যাপারে জানতে চাইলে ওিস নাজমুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমি কোনো দুর্নীতি ও অনিয়ম করিনি৷ সুনির্দিষ্ট প্রতারণামূলক মামলার আসামি হিসেবে নওরোজকে গ্রেপ্তার করা হয়৷ তাই কারোর কথায় তাঁকে আদালতে পাঠানো থেকে আমি বিরত থাকতে পারি না। সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় সাহাদাতের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করা হবে৷’