পটুয়াখালী জেলা পরিষদের হিসাবরক্ষক জয়দেব চন্দ্র বলকে (৪০) মারধরের ঘটনায় দায়ের করা মামলার আসামি আতিকুর রহমানকে গ্রেপ্তারের দাবিতে জেলা পরিষদে গতকাল রোববারও কর্মবিরতি পালিত হয়েছে।
জেলা পরিষদ কর্মকর্তা-কর্মচারী পরিষদ পটুয়াখালী শাখার উদ্যোগে ওই কর্মবিরতি পালিত হচ্ছে। গত মঙ্গলবার হিসাবরক্ষক জয়দেব চন্দ্র বল নিজ কার্যালয়ে কাজ করছিলেন। এ সময় চাঁদার দাবিতে তাঁকে মারধর করে গুরুতর আহত করা হয়। এ ঘটনায় বৃহস্পতিবার সদর থানায় আতিকুরের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা পাঁচ-ছয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
হিসাবরক্ষক জয়দেব চন্দ্র বল এজাহারে উল্লেখ করেন, আতিকুর রহমান প্রায়ই তাঁর কাছে চাঁদা দাবি করে আসছিলেন। ঘটনার দিন বেলা সাড়ে ১১টার দিকে দাপ্তরিক কাজ করার সময় আসামি কিছু অপরিচিত লোকজন নিয়ে এসে তাঁর কাছে ৫০ হাজার টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকার করলে তাঁকে পিটিয়ে জখম করা হয়। এ সময় আসামিরা কক্ষের কাগজপত্র ছিঁড়ে তছনছ এবং নববর্ষের ভাতা প্রদানের জন্য ব্যাংক থেকে তোলা সাড়ে ২৬ হাজার টাকা লুট করেন।
জেলা পরিষদ কর্মকর্তা-কর্মচারী পরিষদ পটুয়াখালী শাখার সভাপতি মনিরুজ্জামান খান বলেন, আতিকুর রহমান নিজেকে ছাত্রলীগের নেতা দাবি করে প্রায়ই জেলা পরিষদে এসে চাঁদা দাবি করেন। চাঁদা না পেয়ে তিনি এ ঘটনা ঘটিয়েছেন।