আসামিকে ছাড়িয়ে নিতে থানা ঘেরাও ছাত্রলীগের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গায় হত্যাচেষ্টা মামলায় সংগঠনের গ্রেপ্তার হওয়া কর্মীকে ছাড়িয়ে নিতে গতকাল রোববার রাতে সদর থানা ঘেরাও করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে পুলিশের লাঠিপেটায় জেলা ছাত্রলীগের সভাপতি শরিফ হোসেনসহ ছয়জন নেতা-কর্মী আহত হন।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ১৬ ডিসেম্বর শহরের পলাশপাড়ায় আবদুল লতিফকে ওই এলাকার এক যুবক হকিস্টিক দিয়ে পেটায়। এ ঘটনায় লতিফ বাদী হয়ে হত্যাচেষ্টার অভিযোগে মাসুদকে আসামি করে সদর থানায় মামলা করেন।সদর থানার উপপরিদর্শক (এসআই) আবুল খায়ের আসামি মাসুদকে গতকাল সন্ধ্যায় পলাশপাড়া থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যান। গ্রেপ্তারের পর জেলা ছাত্রলীগের সভাপতি শরিফ হোসেন মাসুদকে দলীয় কর্মী দাবি করেন এবং তাকে ছেড়ে দিতে পুলিশের ওপর চাপ দেন। বিষয়টি নিয়ে পুলিশের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে ছাত্রলীগের সভাপতির নেতৃত্বে দলীয় শতাধিক নেতা-কর্মী থানা ঘেরাও করেন। এ সময় পুলিশ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশ তাঁদের মৃদু লাঠিপেটা করে। পরে ছাত্রলীগের নেতা-কর্মীরা ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সুলতান আহমেদের গাড়িসহ বেশ কটি যানবাহন ভাঙচুর করেন। এতে আতঙ্কে শহরে দোকানপাট বন্ধ হয়ে যায়।শরিফ হোসেন জানান, মাসুদকে হয়রানি করতে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে ছাড়িয়ে নিতে নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন হিসেবে তাঁরা থানা ঘেরাও কর্মসূচি পালন করেন। এ সময় পুলিশ অহেতুক লাঠিপেটা করে। এতে তিনি ছাড়াও জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক শফিউদ্দিন টিটু, সদস্য চঞ্চল, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি তারিক ও সাধারণ সম্পাদক আশিক ইকবাল ও পৌর ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম পারভেজ আহত হন।পুলিশের উপস্থিতিতে মাসুদ নিজেকে ভিজে স্কুলের নবম শ্রেণীর ছাত্র হিসেবে দাবি করে সাংবাদিকদের জানান, মাছ ধরা নিয়ে বিরোধের জের ধরে সে লতিফকে ক্রিকেট খেলার স্টাম্প দিয়ে পিটিয়েছিল।