আসামিকে ছাড়িয়ে নিতে পুলিশের ওপর হামলা
কক্সবাজারের টেকনাফ উপজেলার লেঙ্গুরবিল গ্রামে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে ছাড়িয়ে নিতে গত শনিবার রাতে পুলিশের ওপর হামলা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তিনজন আহত হয়েছে। দুর্বৃত্তরা পুলিশের একটি রাইফেল ভেঙে ফেলেছে।পুলিশ সূত্র জানায়, নজির আহমদ নামের এক আসামিকে গ্রেপ্তার করতে পুলিশ শনিবার রাতে লেঙ্গুরবিল গ্রামে যায়। এ সময় আসামির আত্মীয়স্বজন পুলিশের কাজে বাধা দেওয়ার চেষ্টা করে। পরে এলাকাবাসীর সহযোগিতায় আসামিকে গ্রেপ্তার করে নিয়ে থানার উদ্দেশে রওনা হয় পুলিশ। পথে আসামির বাবা রহমত আলীসহ ১০-১৫ জন দুর্বৃত্তের একটি দল ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশের ওপর চড়াও হয় এবং আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় এলোপাতাড়ি হামলায় আহত হন পুলিশের সদস্য গোলাম রব্বানি, হারুন রশিদ ও গ্রামপুলিশের সদস্য সাইফুল ইসলাম। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ নেয় এবং আসামিকে নিয়ে থানায় ফিরে আসে। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।পুলিশের ওপর হামলার সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক বলেন, পুলিশের কাজে বাধা দেওয়া, হত্যার উদ্দেশ্যে মারধর ও সরকারি সম্পত্তির ক্ষতিসাধনের অভিযোগে নজির আহমদ, রহমত আলীসহ ১৫-২০ জনকে আসামি করে মামলা হয়েছে।