আসামিকে ছেড়ে দিতে সাংসদের চাপ!
কুষ্টিয়ার দৌলতপুরে চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার হওয়া একজন আসামিকে ছেড়ে দিতে পুলিশের ওপর চাপ সৃষ্টি করেন স্থানীয় সাংসদ আফাজ উদ্দিন আহমেদ। ওই আসামিকে ছেড়ে না দিলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুল আলমকে প্রত্যাহারের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ডিও লেটার (অনানুষ্ঠানিক পত্র) দেওয়ার হুমকি দেন তিনি। পুলিশ অবশ্য এই হুমকিকে গায়ে মাখেনি। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।দৌলতপুর থানা সূত্রে জানা যায়, দৌলতপুরের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সুমন ট্রেডার্সের ব্যবস্থাপক ফজলুর রহমানের কাছ থেকে গত সোমবার তিন লাখ টাকা চাঁদা দাবি করেন স্থানীয় উজ্জ্বল হোসেন (৩৫), নিজাম উদ্দিন (৪০), কাজিম আলী (৩৮) ও মিজানুর রহমানসহ (৩৬) কয়েকজন ব্যক্তি। চাঁদা দিতে রাজি না হওয়ায় গত বুধবার সন্ধ্যায় তাঁরা দৌলতপুরের স্বরুপদা এলাকায় ফজলুর রহমানের ওপর হামলা চালান। এ ঘটনায় ফজলুর রহমান চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগে দৌলতপুর থানায় মামলা করেন। পুলিশ বুধবার দিবাগত রাতে মিজানকে গ্রেপ্তার করে। পরদিন বৃহস্পতিবার দুপুরে মিজানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।ওসি মাসুদুল আলম প্রথম আলোকে বলেন, ‘মিজানুরকে গ্রেপ্তারের পরপরই সাংসদ আফাজ উদ্দিন আমাকে ফোন করেন। তিনি মিজানুরকে ছেড়ে দিতে বলেন। ছেড়ে না দিলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমার বিরুদ্ধে ডিও লেটার দেওয়া হবে বলে হুমকি দেন।’ ওসি জানান, ফজলুর রহমানের করা মামলার আসামিরা উচ্ছৃঙ্খল। তাঁরা দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের কর্মী বলে পরিচিত। তাঁদের কারণে এখানকার অনেক ব্যবসায়ী আতঙ্কে থাকেন। স্থানীয় সাংসদ ও দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফাজ উদ্দিন আহমেদ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘ফজলুর রহমানের ঠিকাদারি প্রতিষ্ঠান এলাকায় একটি রাস্তা নির্মাণ করছে। রাস্তার কাজ ভালো হচ্ছে না বলে আমার ছেলেগুলো তা জানাতে ফজলুর রহমানের কাছে যায়। ওই দিনের ঘটনায় দুই পক্ষের মধ্যে বাগিবতণ্ডা হয়েছে। কোনো হাতাহাতি বা মারামারি হয়নি। অযথাই ভালো ছেলেদের বিরুদ্ধে সাজানো চাঁদাবাজির মামলা দেওয়া হয়েছে।’ ওসিকে ডিও লেটারের হুমকি দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘জনগণের মঙ্গলের জন্য ওসির ব্যাপারে অবশ্যই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হবে।’ সাংসদ আরও বলেন, ‘ওই ওসির দৌলতপুরের মতো বড় উপজেলায় ওসিগিরি করার যোগ্যতা নেই। ঠিকমতো কাজ করলে মানুষের সঙ্গে কেন বিরোধ হবে? এ থানায় একজন ভালো লোকের প্রয়োজন।’ফজলুর রহমান প্রথম আলোকে বলেন, ‘গত সোমবার ওই চার চাঁদাবাজ তিন লাখ টাকা চাঁদা দাবি করে। না দেওয়ায় বুধবার বিকেলে আমার ওপর হামলা চালায়।’ কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার সুভাষচন্দ্র সাহা প্রথম আলোকে বলেন, ‘চাঁদাবাজির মামলার পরিপ্রেক্ষিতে আসামি গ্রেপ্তার করা হয়েছে। কে কোন দল করেন, তা দেখে কুষ্টিয়ার পুলিশ পিছপা হবে না। বদলির ভয় দেখিয়ে লাভ নেই।’