আসামিকে মারধর করলেন আ.লীগের নেতা-কর্মীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় বিজয় মেলায় বোমা হামলা মামলার আসামি বিএনপি-সমর্থিত এক ব্যবসায়ীকে গতকাল শনিবার মারধর করেছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা।পরে পুলিশ গিয়ে আফজাল হোসেন (৩১) নামের ওই ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। তবে মারধর করা আওয়ামী লীগের কোনো নেতা-কর্মীকে আটক করতে পারেনি তারা।এদিকে গত বুধবার রাতে ওই বোমা হামলার পর জিন্দার আলী নামের এক মাইক্রোবাসচালককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটলেও গতকাল পর্যন্ত কোনো মামলা হয়নি। উল্টো বোমা হামলা মামলায় তাঁকেও আসামি করা হয়েছে।গ্রেপ্তার হওয়া আফজালের ছোট ভাই রবজেল আলী প্রথম আলোকে বলেন, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে মিরপুরের নিমতলা বাজারে তাঁর ভাইয়ের ইসলামিয়া ভান্ডারে আওয়ামী লীগের ১০-১২ জন নেতা-কর্মী মোটরসাইকেলে করে আসেন। তাঁরা কোনো কিছু না বলেই তাঁর ভাইকে মারধর করেন। এর পরপর দুপুর ১২টার দিকে মিরপুর থানার পুলিশ এসে তাঁর ভাইকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, দুপুর ১২টার দিকে নিমতলা থেকে বোমা হামলার এজাহারভুক্ত আসামি আফজালকে গ্রেপ্তার করা হয়। এ সময় তিনি দৌড়ে পালাতে গেলে শরীরে আঘাত পান। ওসি বলেন, বোমা হামলার পরের দিন আটক পলাশকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে চালান দেওয়া হয়েছে। পরে প্রয়োজনে তাঁকে আনা হবে।গত বুধবার রাতে মিরপুরের আমলা সদরপুর বহুমুখী উচ্চবিদ্যালয় খেলার মাঠে বিজয় মেলায় বোমা বিস্ফোরণে সদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক কামারুল আরেফিন এবং আমলা সাঁতার ক্লাবের সভাপতি তৈমুরুল ইসলাম আহত হন। এ ঘটনায় কামারুলের বড় ভাই সামসুল আরেফিন গত শুক্রবার ২৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করে মিরপুর থানায় হত্যা চেষ্টার অভিযোগে মামলা করেন।