আসামিকে মারধরে গ্রামবাসীর বাধা, পুলিশের গুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমিজমাসংক্রান্ত মামলার আসামিকে ধরে পুলিশ পিটুনি দেওয়ায় ক্ষুব্ধ গ্রামবাসী তাঁকে ছিনিয়ে নিয়েছেন। এ সময় লোকজনের সঙ্গে সংঘর্ষে পুলিশ ও নারীসহ ১৮ জন আহত হয়েছেন। পরে পুলিশ গুলি ও কাঁদানে গ্যাস ছুড়ে ঘটনাস্থল ত্যাগ করে। রংপুরের তারাগঞ্জ উপজেলার রহিমাপুর গ্রামের ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে তিন শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে। এতে গ্রেপ্তার আতঙ্কে গ্রামের অধিকাংশ মানুষ পালিয়ে গেছে।পুলিশ গ্রামের চারজন নারীসহ নয়জনকে গ্রেপ্তার করে গতকাল মঙ্গলবার আদালতের মাধ্যমে রংপুর জেলহাজতে পাঠিয়েছে।এলাকাবাসী ও পুলিশ জানায়, জমি নিয়ে বিরোধের জের ধরে ১৪ ফেব্রুয়ারি উপজেলার হাড়িয়ারকুঠি নদীরপাড় গ্রামের নূরজাহান বেগম বাদী হয়ে রহিমাপুর গ্রামের মো. রব্বানীসহ ১২ জনের বিরুদ্ধে মামলা করেন। এই মামলায় পুলিশ গত সোমবার বিকেলে রব্বানীকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করতে যায়। এ সময় রব্বানী পুলিশের কাছে গ্রেপ্তারি পরোয়ানা দেখতে চান। কিন্তু পুলিশ তা না দেখিয়ে তাঁকে টেনেহিঁচড়ে ও মারধর করে গাড়িতে তোলার চেষ্টা করে। এ সময় গ্রামের নারীরা পুলিশকে বাধা দেন। এতে গ্রামবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ১২টি রাবার বুলেট ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।গ্রামের মন্তাজ আলী (৬০) বলেন, সংঘর্ষ চলাকালে পুলিশ নারীদের বেধড়ক লাঠিপেটা করে। আহতদের অধিকাংশই নারী। সংঘর্ষে তারাগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোকলেছ উদ্দিন, কনস্টেবল আবদুল হাকিম, রাশেদ উদ্দিন, সন্তোষ অধিকারী, মোশারফ হোসেন, আনসার আলীসহ ১৮ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে গুরুতর আহত কৃষক আফজালুল হোসেনকে (৩৮) তারাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যরা হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, ঘটনার পর ওই রাতেই অভিযান চালিয়ে নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ আত্মরক্ষায় ১২টি রাবার বুলেট ছোড়ে। সোমবার সন্ধ্যায় মো. রব্বানী প্রথম আলোকে বলেন, ‘পুলিশ মিথ্যা মামলায় আমাকে আটক করে মারধর করার পর গাড়িতে তোলার চেষ্টা করলে গ্রামের সাধারণ মানুষ প্রতিবাদ করেন। এতে পুলিশ ক্ষিপ্ত হয়ে গুলি ছোড়ে এবং গ্রামবাসীকে মারধর করে।’গতকাল দুপুরে রহিমাপুর গ্রামে গিয়ে কাউকে পাওয়া যায়নি। বাড়িঘরগুলোয় তালা ঝুলতে দেখা গেছে। পাশের গ্রামের শওকত আলী অভিযোগ করেন, ঘটনার পর পুলিশের ভয়ে ওই গ্রামের লোকজন ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছেন।