আসামিকে মারপিটের অভিযোগ
জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই ইউনিয়ন পরিষদে (ইউপি) ভাঙচুর মামলার এক আসামিকে আটক করে গত শনিবার চেয়ারম্যানসহ তাঁর লোকজন মারপিট করে গুরুতর আহত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।আসামি আলম মিয়া অভিযোগ করেন, শনিবার দুপুরের দিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাজাবিরাট চৌরাস্তার মোড় থেকে ধরে চেয়ারম্যানের লোকজন তাঁকে মাইক্রোবাসে তুলে মাত্রাই ইউনিয়ন পরিষদে নিয়ে আসেন। সেখানে চেয়ারম্যানের উপস্থিতিতে লোকজন তাঁকে প্রচণ্ড মারপিট করেন। এতে তার বাঁ পা ও ডান হাতের কুনুইতে মারাত্মক জখম হয়।চেয়ারম্যান ও জয়পুরহাট জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আ ন ম শওকত হাবিব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আলমের বিরুদ্ধে অনেক মামলা রয়েছে। তিনি এলাকায় চিহ্নিত সন্ত্রাসী। গত ৪ মার্চ মাত্রাই ইউনিয়ন পরিষদে অগ্নিসংযোগ, বাজারে দোকানপাট ভাঙচুর ও লুটপাটের ঘটনার মামলার আসামি তিনি। ক্ষতিগ্রস্ত ও এলাকার উত্তেজিত জনতা তাঁকে মারপিট করলে আমি পুলিশকে খবর দিয়ে তাঁকে উদ্ধার করার ব্যবস্থা করি।’মামলার তদন্তকারী কর্মকর্তা কালাই থানার উপপরিদর্শক (এসআই) মোহামঞ্চদ আলী জানান, আলম মিয়াকে গতকাল রোববার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।