আসামিকে স্বীকারোক্তিমূলক জবানবন্দির নকল দিতে নির্দেশ কেন নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাইকোর্ট
ফাইল ছবি

মামলার তদন্ত চলাকালে আসামিকে তাঁর স্বীকারোক্তিমূলক জবানবন্দির নকল দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার এ রুল দেন।

কুমিল্লার একটি হত্যা মামলায় এক আসামির করা আবেদন শুনানি নিয়ে এ রুল দেওয়া হয়। আইনজীবী সূত্রের তথ্যমতে, গত বছরের ৪ জুলাই নাহিদুল ইসলাম নামের এক ব্যক্তি খুন হন। এই ঘটনায় করা হত্যা মামলায় আসামি লিপন পাটোয়ারী স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দির নকল চেয়ে কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করেন আসামি। এতে বিফল হয়ে কুমিল্লার দায়রা আদালতে আবেদন করেন লিপন। এই আবেদন নামঞ্জুর হয়। এই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে ফৌজদারি কার্যবিধির ৫৬১-এ ধারায় আবেদন করেন ওই আসামি, যার ওপর আজ শুনানি হয়।

আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির, সঙ্গে ছিলেন আইনজীবী মো. আসাদ উদ্দিন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন।

পরে আইনজীবী শিশির মনির প্রথম আলোকে বলেন, স্বীকারোক্তিমূলক জবানবন্দি আসামির বিরুদ্ধে ব্যবহৃত হয় এবং সাক্ষ্য আইন অনুযায়ী স্বীকারোক্তিমূলক জবানবন্দি একটি প্রকাশযোগ্য দলিল (পাবলিক ডকুমেন্ট)। এর নকল পেলে আসামিপক্ষের আইনি কোনো বিধিনিষেধ নেই—এসব যুক্তিতে আবেদনটি করা হয়। রাষ্ট্রপক্ষকে চার সপ্তাহের মধ্যে ওই রুলের জবাব দিতে বলা হয়েছে।