আসামিকে হাজির না করায় পেছাল সাক্ষ্য গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোনালী ব্যাংকের ঋণ জালিয়াতির ঘটনায় দুদকের করা দুটি মামলার এক আসামিকে আদালতে হাজির না করায় সাক্ষ্য গ্রহণ পিছিয়েছে। ১৪ মার্চ পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ কামরুল হোসেন মোল্লা গতকাল বৃহস্পতিবার এই তারিখ ধার্য করেন।
গত ১৭ ফেব্রুয়ারি হল-মার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর মাহমুদসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। গতকাল ছিল সাক্ষ্য গ্রহণের প্রথম দিন। কিন্তু আসামি সোনালী ব্যাংকের সাবেক কর্মকর্তা মাইনুল হক অসুস্থ থাকায় তাঁকে কারাগার কর্তৃপক্ষ আদালতে হাজির না করায় সাক্ষ্য গ্রহণ পিছিয়েছে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী মোশাররফ হোসেন।
মোশাররফ হোসেন বলেন, সাক্ষ্য দেওয়ার জন্য মামলার বাদী দুদকের উপপরিচালক মুজিবুর রহমান আদালতে উপস্থিত ছিলেন। গতকাল হল-মার্কের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ, ব্যবস্থাপক তুষার আহমেদ, সোনালী ব্যাংকের সাবেক কর্মকর্তা মীর মহিদুর রহমান, শেখ আলতাফ হোসেন ও সফিজ উদ্দিনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। জামিনে থাকা আসামি জেসমিন আদালতে উপস্থিত ছিলেন।