আসামিদের অনেকে গ্রেপ্তার হননি, পরিবারকে হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিয়া হায়দার
জিয়া হায়দার

মিরপুরের ব্যবসায়ী কাজী জিয়া হায়দার হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত বেশ কয়েকজন আসামিকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এদিকে ওই আসামিরা জিয়া হায়দারের পরিবারকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে চলেছেন। ফলে আতঙ্কে রয়েছে পরিবারটি।
সম্প্রতি মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেওয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর আবেদন করেছেন মামলার বাদী ও জিয়া হায়দারের স্ত্রী কাজী সেলিনা আজমী। তিনি অভিযোগ করেন, কয়েকজন আসামি ফোন করে ও লোক পাঠিয়ে তাঁদের এলাকাছাড়া করা হবে বলে হুমকি দিচ্ছেন।
গত বছরের ২১ জানুয়ারি দিনদুপুরে বাসায় ঢুকে মিরপুর মধ্য পীরেরবাগের বাসিন্দা জিয়া হায়দারকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। শুরু থেকেই মিরপুর থানার পুলিশ তদন্তের নামে ঘটনাকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ ওঠে। অভিযোগ ওঠার পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) মামলার তদন্তভার পায়।
৫ সেপ্টেম্বর পুলিশের সোর্স মনির হোসেন, যুবদল নেতা শরীফুল ইসলাম ওরফে মিলন ও স্থানীয় প্রভাবশালী ব্যক্তি আয়নাল হকসহ নয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় ডিবি। চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী জিয়া হায়দারকে হত্যা করা হয় বলে অভিযোগপত্রে বলা হয়। অভিযোগপত্রে নাম আসা ব্যক্তিদের মধ্যে ইমরান হোসেন (জিতু), সজীব, মামুন ও আকবর নামের চারজন কারাগারে আছেন। মনির হোসেনকে গ্রেপ্তার করা হলেও তিনি জামিনে মুক্ত হন।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক নিবারণচন্দ্র বর্মণ বলেন, আদালত অভিযোগপত্র গ্রহণ করেছেন। শরীফুল, মনির ও আয়নালসহ পলাতক পাঁচ আসামির মালামাল ক্রোক করার নির্দেশ দিয়ে তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
হুমকি-ধমকির অভিযোগ সম্পর্কে তদন্ত কর্মকর্তা বলেন, ‘বাদী ও তাঁর পরিবারকে আসামিদের হুমকি-ধমকি দেওয়ার তথ্য আমরা পেয়েছি। এ ব্যাপারে ডিবির পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
আবেদন: ১০ সেপ্টেম্বর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে মামলা দ্রুত বিচারে নেওয়ার দাবি জানিয়েছেন মামলার বাদী সেলিনা আজমী। এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তিনি একটি লিখিত আবেদনও দেন। লিখিত আবেদনে সেলিনা আজমী বলেন, ‘মামলাটি চাঞ্চল্যকর ও আসামিরা প্রভাবশালী। তাই মামলাটি নিয়ে আমি ও আমার পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছি। তাই আপনার কাছে জোর প্রার্থনা ও দাবি জানাচ্ছি, মামলাটি যেন দ্রুত বিচার আইনের আওতায় নেওয়া হয়।’
এ ছাড়া আবেদনপত্রে তদন্তের শুরুর দিকে থানা-পুলিশের অবহেলা, বর্তমানে পলাতক আসামিদের হুমকি-ধমকিসহ বিভিন্ন অভিযোগ তুলে ধরা হয়। আবেদনপত্রটি গ্রহণ করে স্বরাষ্ট্রমন্ত্রী যথাযথ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়েছেন বলে জানা গেছে।
এদিকে স্থানীয় বাসিন্দাদের কয়েকজন প্রথম আলোকে বলেন, অভিযোগপত্রে পলাতক হিসেবে দেখালেও শরীফুল ও আয়নাল এলাকাতেই আছেন। অন্যদিকে এখনো একটি থানার সোর্স হিসেবে কাজ করছেন মনির।