আসামিদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তাকে মারধরে জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) খুলনা। গতকাল মঙ্গলবার খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে এ দাবি জানায় সংগঠনটি।
অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তি দেওয়া না হলে বিএমএ খুলনার পক্ষ থেকে কঠোর কমসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।
রোববার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত থাকাকালে তেরখাদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম অহিদুজ্জামান ও তাঁর লোকজন আবদুল্লাহ হেল মামুন নামের এক চিকিৎসককে পিটিয়ে আহত করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় চেয়ারম্যানকে প্রধান আসামিসহ পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে ওই রাতেই মামলা করেন ভুক্তভোগী চিকিৎসক।
সংবাদ সম্মেলনে খুলনা জেলা বিএমএর সভাপতি শেখ বাহরুল আলম বলেন, জরুরি বিভাগের দায়িত্বে থাকাকালে কোনো চিকিৎসকের বাইরে রোগী দেখতে যাওয়ার নিয়ম নেই। কিন্তু বাসায় চিকিৎসা দিতে না যাওয়ায় তেরখাদার ওই চিকিৎসককে যেভাবে মেরে আহত করা হয়েছে, তা সত্যিই অমানবিক। আমরা এর তীব্র নিন্দা জানাই। যারা ওই চিকিৎসকের ওপর হামলা চালিয়েছে তাদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তি দাবি করেন তিনি।
তেরখাদা থানার উপপরিদর্শক হাবিবুর রহমান গতকাল বলেন, আর কোনো আসামি গ্রেপ্তার হয়নি। তবে অভিযান অব্যাহত আছে।