আসামিদের অব্যাহতি মামলাও নিষ্পত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) রংপুর বিভাগীয় কার্যালয়ে ২৩ কোটি টাকার দরপত্র জমাদানে বাধা দেওয়ার মামলা থেকে সব আসামিকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর মাধ্যমে মামলাও নিষ্পত্তি হয়ে গেল। রংপুর বিচারিক হাকিমের আমলি আদালত-২-এর হাকিম নিত্যানন্দ সরকার গতকাল মঙ্গলবার এই আদেশ দিয়েছেন।আদালত সূত্র জানায়, মামলার তদন্ত কর্মকর্তা গত ১৪ সেপ্টেম্বর আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। গতকাল এর ওপর শুনানি হয়। শুনানি শেষে আদালত আসামিদের অব্যাহতি ও মামলা নিষ্পত্তির রায় দেন।আসামিপক্ষের আইনজীবী রেজাউল করিম জানান, অভিযোগ প্রমাণিত না হওয়ায় আসামিদের অব্যাহতি দিয়েছেন আদালত।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলতাফ হোসেন বলেন, দ্রুত বিচার আইনের এই মামলায় কোনো সাক্ষী না পাওয়ায় পুলিশ আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে গত ১৪ সেপ্টেম্বর। পরবর্তী সময়ে আদালতের নির্দেশে মামলার সিডিও (নথিপত্র) আদালতে জমা দেওয়া হয়। এর ভিত্তিতে আদালত রায় দিয়েছেন।সাক্ষী না পাওয়া প্রসঙ্গে ওসি বলেন, ‘পানি উন্নয়ন বোর্ডের কোনো কর্মকর্তা-কর্মচারী সাক্ষ্য দিতে রাজি হননি। সাক্ষীর অভাবে কাউকে অভিযুক্ত করা গেল না। আমাদের কী করার আছে?’ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) সাজ্জাদ হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহীনুর রহমান ও সদস্য মোহসীন হোসেন, মহানগর আওয়ামী লীগের সদস্য মাসুদ পারভেজসহ এই মামলার অভিযুক্ত ১১ জন গতকাল রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।পাউবো রংপুর বিভাগীয় কার্যালয়ে ২৩ কোটি টাকার দরপত্র জমাদানে বাধা দেওয়ার অভিযোগে গত ৬ সেপ্টেম্বর আওয়ামী লীগের ১১ নেতা-কর্মীকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় পাবনার ঠিকাদার আবদুল বাসেদ ওই ১১ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে কোতোয়ালি থানায় মামলা করেন।