গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলার আসামিদের আত্মপক্ষ সমর্থনের জন্য ১৬ মার্চ দিন ধার্য করেছেন আদালত। গতকাল রোববার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২-এর বিচারক মমতাজ বেগম এ তারিখ ধার্য করেন।
গতকাল এ মামলায় আসামিদের আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য ছিল। তবে কারাগার থেকে আসামিদের আদালতে হাজির না করায় রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ দিন ধার্য করেন। রাষ্ট্রপক্ষে এ মামলায় ৮৩ জন সাক্ষীর মধ্যে ৬৮ জনকে উপস্থাপন করা হয়েছে।
২০০০ সালের ২২ জুলাই প্রধানমন্ত্রীর গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া সফর উপলক্ষে কোটালীপাড়া শেখ লুৎফর রহমান সরকারি আদর্শ কলেজ মাঠ প্রাঙ্গণে জনসভার প্যান্ডেল তৈরির সময় একটি শক্তিশালী বোমা দেখতে পাওয়া যায়। এ সময় সেনাবাহিনীর একটি দল ৭৬ কেজি ওজনের একটি শক্তিশালী বোমা উদ্ধার করে। ২৩ জুলাই ৪০ কেজি ওজনের আরও একটি বোমা উদ্ধার করা হয়। এ ঘটনায় কোটালীপাড়া থানায় এ মামলা করা হয়।