
নারায়ণগঞ্জে সাত খুনের দুটি মামলার তদন্তকারী কর্মকর্তা মামুনুর রশিদ মণ্ডলকে জেরা শেষ করেছেন আসামিপক্ষের আইনজীবীরা। গতকাল সোমবার সকালে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে ১০ আসামির আইনজীবীরা তদন্তকারী কর্মকর্তাকে জেরা সম্পন্ন করেন।
জেরা শেষে আদালত ২৪ অক্টোবর মামলার পরবর্তী তারিখ ধার্য করেন। ওই দিন আসামিদের ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আত্মপক্ষ সমর্থন এবং পরীক্ষার জন্য তারিখ ধার্য রেখেছেন আদালত। রাষ্ট্রপক্ষে তদন্তকারী কর্মকর্তাই শেষ সাক্ষী।
সাত খুনের মামলায় তদন্তকারী কর্মকর্তাকে আসামিপক্ষের জেরার ষষ্ঠ দিন ছিল গতকাল। এর আগে পাঁচ কার্যদিবসে এ মামলার প্রধান আসামি নূর হোসেন, র্যা বের সাবেক তিন কর্মকর্তাসহ ২৫ আসামির আইনজীবীরা তদন্তকারী কর্মকর্তা ও নারায়ণগঞ্জ পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মামুনুর রশিদ মণ্ডলকে জেরা করেন। অবশিষ্ট ১০ আসামির আইনজীবীরা গতকাল জেরা করেন। সকাল সাড়ে নয়টা থেকে বেলা পৌনে একটা পর্যন্ত জেরা করা হয়।
এ মামলায় গ্রেপ্তার করা প্রধান আসামি নূর হোসেন, র্যা বের সাবেক তিন কর্মকর্তা তারেক সাঈদ মোহাম্মদ, আরিফ হোসেন, এম এম রানাসহ ২৩ আসামিকে সকালে কড়া নিরাপত্তার মধ্যে কাশিমপুর কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
আদালতের অনুমতি নিয়ে নূর হোসেনের আইনজীবী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা তদন্তকারী কর্মকর্তা পুনরায় জেরা করেন। এ সময় খোকন সাহা জানতে চান, নূর হোসেন যে মুঠোফোন দিয়ে যোগাযোগ করতেন, সেটির ব্যবহারকারী সম্পর্কে মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানের কাছ থেকে কোনো প্রত্যয়নপত্র নিয়েছিলেন? নূর হোসেনের কাছে মেজর (চাকরিচ্যুত) আরিফ হোসেন নিয়মিত যাতায়াত করতেন, এ ব্যাপারে কোনো সাক্ষীর জবানবন্দি আছে? নূর হোসেন কারও সোর্স হিসেবে কাজ করতেন, এ ব্যাপারে কোনো সাক্ষী আছে? এসব প্রশ্নের জবাবে তদন্তকারী কর্মকর্তা ‘না’ সূচক জবাব দেন।
সরকারি কৌঁসুলি (পিপি) ওয়াজেদ আলী খোকন বলেন, সাত খুনের দুটি মামলায় ৩৫ জন আসামির আইনজীবীরা মামলার তদন্তকারী কর্মকর্তাকে ছয় কার্যদিবসে জেরা করেছেন। এর আগে তিন কার্যদিবসে তদন্তকারী কর্মকর্তা আদালতে সাক্ষ্য দেন। সর্বশেষ গতকাল ১০ আসামির আইনজীবীরা জেরা করেন। আসামিপক্ষের আইনজীবীদের জেরা শেষে আদালত ২৪ অক্টোবর পরবর্তী তারিখ ধার্য করেন। ওই দিন আসামিদের বিরুদ্ধে এ পর্যন্ত আনা সাক্ষ্য-প্রমাণ প্রত্যেককে আলাদাভাবে পড়ে শোনানো হবে। এরপর আদালত আসামিদের কাছে জানতে চাইবেন তাঁরা কোনো সাফাই সাক্ষী আদালতে হাজির করবেন কি না। অথবা কোনো লিখিত বক্তব্য দেবেন কি না।
ওয়াজেদ আলী খোকন বলেন, এই মামলায় তদন্তকারী কর্মকর্তা অভিযোগপত্রে সাক্ষী হিসেবে ১২৭ জনের নাম উল্লেখ করলেও সাক্ষী দিয়েছেন ১০৬ জন। রাষ্ট্রপক্ষে তদন্তকারী কর্মকর্তাই ছিলেন শেষ সাক্ষী।
২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার লামাপাড়া থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তৎকালীন প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণ করা হয়। শীতলক্ষ্যা নদী থেকে ৩০ এপ্রিল ছয়জনের ও ১ মে একজনের লাশ উদ্ধার করা হয়।
কাউন্সিলর নজরুল ও তাঁর চার সঙ্গীকে হত্যার ঘটনায় একটি এবং জ্যেষ্ঠ আইনজীবী চন্দন সরকার ও তাঁর গাড়ির চালককে হত্যার ঘটনায় আরেকটি মামলা হয় ফতুল্লা মডেল থানায়। প্রায় এক বছর তদন্ত শেষে ৩৫ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। অভিযোগপত্রভুক্ত ১২ জন আসামি পলাতক। তাঁদের মধ্যে আটজন র্যা ব সদস্য।