আসামিদের আত্মপক্ষ সমর্থনের দিন ১১ নভেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের কাছে বিশ্বজিৎ দাস হত্যা মামলায় আসামিদের আত্মপক্ষ সমর্থনের জন্য ১১ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত। গতকাল সোমবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর ভারপ্রাপ্ত বিচারক মো. নুরুজ্জামান এই দিন ধার্য করেন।
এই মামলায় আসামিদের আত্মপক্ষ সমর্থনের জন্য ধার্য দিন ছিল গতকাল। তবে গতকাল কার্যক্রমের আসামিপক্ষের আইনজীবীরা সময়ের আবেদন করেন। তাঁরা আদালতকে জানান, গত ২২ অক্টোবর এই মামলায় দণ্ডবিধির ৩০২ ধারা পরিবর্তন করে ৩০৪ ধারায় অভিযোগ নেওয়ার আবেদন করা হয়। আদালত তা নাকচ করে দেন। ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করা হয়েছে। এর নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাঁরা মামলার কার্যক্রম মুলতবি রাখার আরজি জানান। শুনানি শেষে আদালত ১১ নভেম্বর পরবর্তী তারিখ ধার্য করে হাইকোর্টের আদেশ দাখিলের নির্দেশ দেন।
গত বছরের ৯ ডিসেম্বর বিরোধী দলের অবরোধ কর্মসূচি চলাকালে বাহাদুর শাহ পার্কের সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মীরা কুপিয়ে ও পিটিয়ে নিরীহ পথচারী বিশ্বজিৎ দাসকে হত্যা করেন।