নাটোরে মানসিক প্রতিবন্ধী নারীকে গণধর্ষণের মামলার পাঁচ আসামি গতকাল সোমবার দুপুরে আদালতে আত্মসমর্পণ করেছেন। আদালত তাঁদের জেলহাজতে পাঠিয়েছেন। এদিকে ওই নারী কথা বলতে না পারায় মামলার তদন্তে জটিলতার সৃষ্টি হয়েছে।
গত ২৩ আগস্ট একদল দুর্বৃত্ত মানসিক প্রতিবন্ধী এক নারীকে নওগাঁর আত্রাই উপজেলার পতিসর রবীন্দ্র কুঠিবাড়ী বাজার এলাকা থেকে অপহরণ করে নাটোরের সিংড়া উপজেলার হোসেনপুর গ্রামে নিয়ে গণধর্ষণ করে। পরদিন রাত থেকে ওই নারী নিখোঁজ হন। পরে গোয়েন্দা পুলিশ ১২ সেপ্টেম্বর ওই নারীকে সিংড়া-বগুড়া সড়কের একটি সেতুর কাছ থেকে উদ্ধার করে। এ ঘটনায় সিংড়া থানার উপপরিদর্শক (এসআই) আবদুল জব্বার বাদী হয়ে পাঁচজনকে আসামি করে থানায় মামলা করেন।
নাটোরের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল মামলার এজাহারভুক্ত আসামি সুইট হোসেন (৩২) মোস্তাফিজুর (৩০), চান মিয়া (২৬), মজনু আলী (৩৫) ও শান্ত ইসলাম (১৮) আত্মসমর্পণ করেন। তাঁরা জামিনের আবেদন করেন। আদালত তা নামঞ্জুর করে আসামিদের জেলহাজতে পাঠিয়েছেন। শান্তকে যশোরের কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবদুল হাই বলেন, ওই নারী কথা না বলায় মামলার তদন্ত ব্যাহত হচ্ছে। এর আগে আদালতে হাজির করে ইশারা ভাষাবিদের সহায়তা নেওয়া হলেও ওই নারী কথা বলেননি। তবে সাক্ষীদের মাধ্যমে ঘটনার তথ্যপ্রমাণ উদ্ধারের চেষ্টা চলছে।