সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় শিশু তামিম (৭) হত্যার সঙ্গে জড়িত গ্রেপ্তার তিন আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সিরাজগঞ্জ আমলী আদালতের জে৵ষ্ঠ বিচারিক হাকিম নজরুল ইসলামের কাছে গত সোমবার ১৬৪ ধারায় ওই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তাঁরা।
উপজেলার চকপাঙ্গাসী গ্রামের সোলেমান হোসেনের ছেলে তামিম গত শুক্রবার পাশের নরসিংহপাড়ার নানাবাড়িতে বেড়াতে এসে খুন হয়। পরদিন ওই গ্রামের পাশের মাঠে একটি সরিষার গাদার ভেতর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তামিমের নানা রফিকুল ইসলাম পাঁচজনের নাম উল্লেখ করে সিরাজগঞ্জ মুখ্য বিচারিক হাকিম আদালতে একটি মামলা করেন।
উল্লাপাড়া থানার উপপরিদর্শক (এসআই) সাচ্চু বিশ্বাস বলেন, কয়েক দিন ধরে অভিযান চালিয়ে তামিম হত্যার সঙ্গে জড়িত নরসিংহপাড়া গ্রামের আবদুল মান্নান, তাঁর ছেলে ফিরোজ উদ্দিন ও একই গ্রামের হাফিজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। প্রথমে জিজ্ঞাসাবাদে তাঁরা কোনো কিছু স্বীকার করেননি। পরে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদে তাঁরা হত্যার ঘটনা স্বীকার করেন।
এসআই সাচ্চু বিশ্বাস আরও বলেন, গত সোমবার ওই তিন আসামির ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার পর বিচারক তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বাকি এজাহারভুক্ত দুজন আসামিসহ প্রাপ্ত তথ্যনুযায়ী আরও কয়েকজনকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।