সোয়া দুই কোটি টাকার সোনা চোরাচালান মামলায় ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল আজিম ওরফে আনারসহ তিন ব্যক্তিকে আদালতে হাজির হতে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। চুয়াডাঙ্গার বিশেষ আদালত-১-এর বিচারক, জেলা ও দায়রা জজ মো. আশরাফ হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটি গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত দৈনিক মাথাভাঙ্গা পত্রিকায় প্রকাশিত হয়। বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে তাঁদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় তাঁদের অনুপস্থিতিতেই বিচারকাজ সম্পন্ন করা হবে। আলোচিত ওই মামলায় আরও যে দুজনকে আদালতে হাজির হওয়ার জন্য বিজ্ঞপ্তিতে বলা হয়েছে তাঁরা হলেন—চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার শাপলাকলিপাড়ার নজরুল ইসলাম ওরফে নজু ও দামুড়হুদা উপজেলার শ্যামপুর গ্রামের আবদুুল আলীম। ২০০৭ সালের ১৩ ফেব্রুয়ারি সকালে চুয়াডাঙ্গা-দর্শনা সড়কের লোকনাথপুর পেট্রলপাম্পের সামনে দর্শনাগামী একটি ট্রাক থেকে দুই কোটি ২২ লাখ ৪৪ হাজার টাকা মূল্যের ১২ কেজি ৯৫০ গ্রাম ওজনের ৩৫টি সোনার বারসহ বিডিআর তিনজনকে আটক করে। এ ব্যাপারে বিডিআর কুষ্টিয়া সেক্টরের সুবেদার ইছাহক আলী বাদী হয়ে দামুড়হুদা থানায় একটি মামলা করেন। মামলাটি প্রথমে পুলিশ তদন্ত করলেও পরবর্তী সময়ে তা অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) হাতে ন্যস্ত করা হয়। কয়েক দফা তদন্ত কর্মকর্তা বদল হওয়ার পর গত বছরের ২২ নভেম্বর সিআইডির উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী ভূঁইয়া চুয়াডাঙ্গা আদালতে আনারুল আজিমসহ ২৩ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রভুক্ত আসামিদের মধ্যে উচ্চ আদালতের নির্দেশে বর্তমানে ২০ জনই জামিনে মুক্ত আছেন। তবে আনারুল আজিমসহ ওই তিনজন দীর্ঘদিন ধরে পলাতক থাকায় আদালত তাঁদের বিরুদ্ধে এর আগে গ্রেপ্তারি পরোয়ানা, মালামাল ক্রোকের নির্দেশ দেন এবং সর্বশেষ পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।