চুয়াডাঙ্গার দর্শনার সিঅ্যান্ডএফ ব্যবসায়ী সাইফুল ইসলাম হত্যা মামলায় ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল আজিম ওরফে আনার কমিশনারসহ পলাতক ছয় আসামিকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। চুয়াডাঙ্গার মুখ্য বিচারিক হাকিম আদালতের ভারপ্রাপ্ত হাকিম স্বাক্ষরিত এ-বিষয়ক বিজ্ঞপ্তি গত রোববার ঢাকা থেকে প্রকাশিত ভোরের ডাক পত্রিকায় প্রকাশিত হয়েছে।প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ১৮ মে পরবর্তী ধার্য দিনে উল্লিখিত ছয়জনকে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।পত্রিকার বিজ্ঞপ্তি অনুযায়ী আলোচিত মামলায় পলাতক বাকি পাঁচজন হলেন শাহীন-মুকুল হিসেবে পরিচিত দুই শীর্ষ সন্ত্রাসী কুষ্টিয়া শংকরদিয়ার মো. শাহীন রুমি ও আলমপুরের মো. আমিনুর ওরফে আমিনুল ইসলাম ওরফে মুকুল, কুষ্টিয়ার মিরপুর উপজেলার ডাঙ্গাপাড়ার মো. শহিদুল ইসলাম, উত্তর কাঠদহ গ্রামের মো. শামসুজ্জামান ওরফে ডন এবং চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা শহরের শাপলাকলিপাড়ার নজরুল ইসলাম ওরফে নজু।