
প্রায় দেড় যুগ আগে গুলশানের নিজ বাড়িতে শাজনীন তাসনিম রহমানকে ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল শুনানি গতকাল বুধবার শেষ হয়েছে। রায় ঘোষণার জন্য মামলাটি অপেক্ষমাণ (সিএভি) রেখেছেন সর্বোচ্চ আদালত।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চে গতকাল চূড়ান্ত দিনের মতো আপিল শুনানি হয়। বাদীপক্ষে শুনানি করেন আইনজীবী নজরুল ইসলাম চৌধুরী। সঙ্গে ছিলেন আইনজীবী এ এম আমিনউদ্দিন, এ এস এম আবদুল মবিন ও সরোয়ার আহমেদ। আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, এস এম শাহজাহান। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোন্দকার দিলীরুজ্জামান।
আইনজীবী নজরুল ইসলাম শুনানিতে বলেন, ময়নাতদন্ত প্রতিবেদনে শাজনীনের শরীরে বিভিন্ন ক্ষত ছাড়াও মোট ২৩টি আঘাতের কথা উল্লেখ আছে। ওই আঘাতগুলোর আকৃতি ও প্রকৃতি থেকে দেখা যায়, দুটি অস্ত্র দিয়ে শাজনীনের শরীরে আঘাতগুলো করা হয়েছিল। জব্দ তালিকা অনুসারে, দুটি অস্ত্র ব্যবহার করা হয়েছিল। একটি কালো বাঁটযুক্ত সাদা স্টিলের ছুরি, অন্যটি কাঠের বাঁটযুক্ত লোহার বাটালি। মামলার সাক্ষীরা বিচারিক আদালতে তাঁদের সাক্ষ্যের মাধ্যমে দুটি আলাদা অস্ত্র উদ্ধারের বিষয়টি প্রমাণ করেন। ধর্ষণ ও হত্যায় দুটি অস্ত্রের ব্যবহার এবং অন্যান্য ক্ষতসহ ২৩টি আঘাতের ওই ঘটনা অবশ্যই একাধিক আসামি জড়িত থাকার বিষয়টি নিশ্চিত করে।
নজরুল ইসলাম চৌধুরী বলেন, ঘটনার দিন শাজনীনদের বাড়ির সিকিউরিটি লাইট বন্ধ ছিল। ওই সিকিউরিটি লাইটের দায়িত্বে ছিলেন আসামি বাদল। শাজনীনদের বাড়ির সংস্কারকাজের ঠিকাদার আসামি হাসান ওই বাদলকে বাড়ির সংস্কারকাজে নিয়োগ করেন। আসামি হাসানের প্ররোচনায় বাদল বাড়ির সিকিউরিটি লাইট বন্ধ করে রাখেন। মামলার ১৩ নম্বর সাক্ষী মোসলেম হাওলাদার, ৮ নম্বর সাক্ষী আনিসুজ্জামান খান এবং ১০ নম্বর সাক্ষী আহমেদ শফি চৌধুরীর সাক্ষ্যের মাধ্যমে বিচারিক আদালতে সিকিউরিটি লাইট বন্ধ রাখা ও থাকার বিষয়টি প্রমাণিত হয়।
শুনানিতে বাদীপক্ষের আইনজীবী আরও বলেন, ঘটনার আগে শাজনীনের বাবা লতিফুর রহমানের অনুপস্থিতিতে আসামি পারভিনকে নিয়োগ দেন আসামি হাসান। আরেক আসামি হুমায়ুনকেও (বর্তমানে মৃত) বাড়ির সংস্কারকাজের জন্য হাসানই নিয়োগ দেন। আসামি মিনু ও পারভীন আপন বোন। সেহেতু মামলার সব সাক্ষীর সাক্ষ্য, ময়নাতদন্ত প্রতিবেদন, জব্দ তালিকা ও আগে-পরের ঘটনার পারস্পরিকতায় এটা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়, আসামি হাসানের অপরাধমূলক ষড়যন্ত্র ও প্ররোচনায় এবং অন্য আসামিদের প্রত্যক্ষ সহযোগিতায় শাজনীনকে নির্মমভাবে ধর্ষণ ও পরে হত্যা করা হয়।
এই মামলায় বিচারিক আদালতে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামিরা হলেন বাড়ির সংস্কারকাজের দায়িত্ব পালনকারী ঠিকাদার সৈয়দ সাজ্জাদ মইনুদ্দিন হাসান ও তাঁর সহকারী বাদল, বাড়ির গৃহভৃত্য শহীদুল ইসলাম (শহীদ), বাড়ির গৃহপরিচারিকা দুই বোন এস্তেমা খাতুন (মিনু) ও পারভীন।
১৯৯৮ সালের শাজনীন হত্যাকাণ্ডের প্রায় ১৮ বছর পর গত ২৯ মার্চ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের তিন সদস্যের বেঞ্চে ধর্ষণ ও হত্যার দায়ে ফাঁসির আদেশ পাওয়া পাঁচ আসামির আপিলের শুনানি শুরু হয়েছিল। তিন সদস্যের ওই বেঞ্চের অপর দুই সদস্য ছিলেন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি মির্জা হোসেইন হায়দার। তবে গত ৫ এপ্রিল বিচারপতি নাজমুন আরা সুলতানা ও বিচারপতি মোহাম্মদ ইমান আলীকে যুক্ত করে পাঁচ সদস্যের বৃহত্তর বেঞ্চ গঠন করে শুনানি নেওয়া হয়। গতকাল ওই বৃহত্তর বেঞ্চেই আসামিদের আপিল শুনানি শেষে রায় অপেক্ষমাণ রাখা হয়।
বিচারের জন্য দেড় যুগের অপেক্ষা: মামলার নথি থেকে জানা যায়, ১৯৯৮ সালের ২৩ এপ্রিল রাতে গুলশানে নিজ বাড়িতে খুন হন শাজনীন তাসনিম রহমান। পরদিন শাজনীনের বাবা লতিফুর রহমান গুলশান থানায় দণ্ডবিধির ৩০২ ধারায় একটি হত্যা মামলা করেন। একই বছরের ৪ সেপ্টেম্বর ওই ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ ও হত্যা মামলা করে সিআইডি। তদন্ত শেষে প্রথম মামলায় ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-১ এবং দ্বিতীয় মামলায় নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। দুটি মামলাতেই আদালত অভিযোগ গঠন করেন।
পরে দুটি মামলারই অভিযোগ গঠনের আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন আসামিরা। ১৯৯৯ সালের ৬ জুলাই বিচারপতি মোহাম্মদ আবদুল করিম ও বিচারপতি এ বি এম খায়রুল হকের (পরে প্রধান বিচারপতি) সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায়ে বলেন, আসামিদের বিরুদ্ধে অতিরিক্ত মহানগর দায়রা জজের আদালতে বিচারাধীন হত্যা মামলাটির কার্যক্রম স্থগিত থাকবে। কারণ, নারী ও শিশু নির্যাতন দমন আদালতে ইতিমধ্যে আসামিদের খুনের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। আর নারী ও শিশু নির্যাতন দমন আদালতে বিচারাধীন ধর্ষণ ও হত্যা মামলাটির কার্যক্রম চলবে।
ওই রায়ে হাইকোর্ট আরও বলেন, ধর্ষণ ও হত্যা দুটি পৃথক অপরাধ, একটি আরেকটি থেকে আলাদা। উল্লেখ্য, শাজনীনের ময়নাতদন্ত প্রতিবেদনেও সুস্পষ্টভাবে বলা আছে, তাঁকে হত্যার আগে ধর্ষণ করা হয়েছে।
এরপর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আসামিরা আপিল বিভাগে যান। ১৯৯৯ সালের ১১ নভেম্বর তৎকালীন প্রধান বিচারপতি মোস্তফা কামাল, বিচারপতি লতিফুর রহমান (পরে প্রধান বিচারপতি), বিচারপতি এ এম মাহমুদুর রহমান ও বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরীর (পরে প্রধান বিচারপতি) সমন্বয়ে গঠিত আপিল বিভাগের বেঞ্চ আসামিদের আপিল আবেদন খারিজ করে দেন। সর্বোচ্চ আদালত রায়ে বলেন, হাইকোর্ট সঠিকভাবেই নারী ও শিশু নির্যাতন দমন আদালতে ধর্ষণ ও হত্যার অভিযোগে চলা মামলাটির কার্যক্রম চালানোর নির্দেশ দিয়ে অন্য মামলাটির কার্যক্রম স্থগিত রাখতে বলেছেন। এটা এমন একটি মামলা, যেখানে ধর্ষণের সময় হত্যাকাণ্ড ঘটেনি। বরং স্পষ্টত এখানে প্রথমে ধর্ষণ ও পরে হত্যাকাণ্ড ঘটেছে। ধর্ষণ ও হত্যা দুটি আলাদা অপরাধ এবং এ ক্ষেত্রে একই অপরাধে দুবার বিচার হওয়ার ঘটনা ঘটবে না।
সর্বোচ্চ আদালত থেকে ছাড়পত্র পাওয়ার পর নারী ও শিশু নির্যাতন দমন আদালতে মামলাটির বিচার চলতে থাকে। ২০০৩ সালের ২ সেপ্টেম্বর ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক কাজী রহমতউল্লাহ মামলাটির রায় ঘোষণা করেন। রায়ে শাজনীনকে ধর্ষণ ও খুনের পরিকল্পনা এবং সহযোগিতার দায়ে ছয় আসামিকেই ফাঁসির আদেশ দেন আদালত।
বিচারিক আদালতের রায়ের পর মৃত্যুদণ্ড অনুমোদনের (ডেথ রেফারেন্স) জন্য মামলাটি হাইকোর্টে যায়। একই সঙ্গে আসামিরাও আপিল করেন। ২০০৬ সালের ১০ জুলাই হাইকোর্ট পাঁচ আসামি হাসান, শহীদ, বাদল, মিনু ও পারভীনের ফাঁসির আদেশ বহাল রাখেন।
এরপর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি চেয়ে আবেদন (লিভ টু আপিল) করেন চার আসামি হাসান, বাদল, মিনু ও পারভীন। ২০০৯ সালের ২৬ এপ্রিল সাজাপ্রাপ্ত চার আসামির লিভ টু আপিল মঞ্জুর করেন আপিল বিভাগ। ফাঁসির আদেশ পাওয়া আরেক আসামি শহীদ জেল আপিল করেন। গতকাল ওই আপিল শুনানি শেষ হলো।