আসামিদের আপিলের রায় ১০ নভেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৌদি নাগরিক খালাফ হত্যা
সৌদি নাগরিক খালাফ হত্যা

ঢাকায় সৌদি আরব দূতাবাসের কর্মকর্তা খালাফ আল আলী হত্যা মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের (মৃত্যুদণ্ডাদেশ অনুমোদন) ওপর শুনানি গ্রহণ শেষ হয়েছে। এ বিষয়ে রায়ের জন্য ১০ নভেম্বর দিন ধার্য করা হয়েছে।
বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল রোববার শুনানি গ্রহণ শেষে রায়ের এ দিন ধার্য করেন।
খালাফ আল আলীকে হত্যার দায়ে গত বছরের ৩০ ডিসেম্বর পাঁচজনকে মৃত্যুদণ্ডাদেশ দেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪। এই আসামিরা হলেন সাইফুল ইসলাম, মো. আল আমীন, আকবর আলী, রফিকুল ইসলাম ও সেলিম চৌধুরী। তাঁদের মধ্যে সেলিম চৌধুরী শুরু থেকে পলাতক রয়েছেন।
আদালত সূত্র জানায়, এই রায়ের বিরুদ্ধে সেলিম ছাড়া অপর চার আসামি প্রথমে জেল আপিল ও পরে আপিল করেন। একই সঙ্গে আসামিদের মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য হাইকোর্টে আসে। ওই বেঞ্চে ৩০ জুলাই থেকে শুনানি শুরু হয়।
২০১২ সালের ৫ মার্চ মধ্যরাতে গুলশানের কূটনৈতিক এলাকার ১২০ নম্বর সডকের ১৯/বি নম্বর বাসার সামনে গুলিবিদ্ধ হন খালাফ আল আলী। ৬ মার্চ ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।