বরগুনার তালতলী উপজেলার নামিশেপাড়া গ্রামে আদিবাসী রাখাইন সম্প্রদায়ের সদস্য নোথা অং (৭৫) হত্যার বিচারের দাবিতে গতকাল বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন করা হয়েছে।
বেলা সাড়ে ১১টায় তালতলী শহরের রাখাইন পাড়ার সামনে রাখাইন নিরাপত্তা অ্যাকশন কমিটির ব্যানারে এই মানববন্ধন হয়। পরে তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন স্থানীয় রাখাইন সম্প্রদায়ের সদস্যরা। মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. রেজবি-উল কবির জোমাদ্দার, রাখাইন নেতা মং খেনলা তালুকদার, মং তাহান, ইউপি চেয়ারম্যান দুলাল ফরাজি, রাখাইন নিরাপত্তা অ্যাকশন কমিটির সদস্যসচিব ও রাখাইন সমাজ উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মংচিন থান প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, বৃদ্ধ ও নিঃসঙ্গ নোথা অংকে জমির জন্য নৃশংসভাবে হত্যা করা হয়েছে। রাখাইন সম্প্রদায়ের ভূমি গ্রাস করার জন্য দীর্ঘদিন ধরে এলাকার একটি প্রভাবশালী মহল রাখাইন সম্প্রদায়ের সদস্যদের নানাভাবে হয়রানি ও নির্যাতন করে তাঁদের জমি থেকে বিতাড়িত করছে। রাখাইনদের সমাধি ও ফসলি জমি জাল-জালিয়াতি করে দখল করে নিচ্ছে। ফলে নিঃস্ব অনেক আদিবাসী রাখাইন সদস্য পরিবার নিয়ে নীরবে দেশ ছেড়েছেন। এখনো যাঁরা পিতৃভিটা আঁকড়ে আছেন, তাঁরাও চরম নিরাপত্তাহীনতার মধ্যে আছেন। নোথা অংয়ের এই হত্যাকাণ্ডের পর রাখাইনদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। প্রায় দুই মাস পার হলেও এই হত্যার আসামিদের গ্রেপ্তার করা যায়নি। এই হত্যার সুষ্ঠু বিচার না হলে আদিবাসীদের সম্পত্তি ও জীবনের নিরাপত্তা বিধান করা অসম্ভব।
গত ২২ জুন তালতলী উপজেলার নামিশেপাড়া থেকে চিরকুমার রাখাইন বৃদ্ধ নোথা অংয়ের গলাকাটা লাশ উদ্ধার করে তালতলী থানার পুলিশ। ২৪ জুন তাঁর আত্মীয় জোওয়েন বাদী হয়ে চারজনের নামে ও কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করে তালতলী থানায় একটি হত্যা মামলা করেন। এ মামলায় পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা তালতলী থানার উপপরিদর্শক (এসআই) আবুল বাশার গতকাল বৃহস্পতিবার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। অধিকতর গুরুত্ব দিয়ে মামলার তদন্তকাজ চলছে।