ভোলার চরফ্যাশন উপজেলায় গৃহবধূকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের প্রতিবাদে এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে।
গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে ভোলা শহরের সদর রোডে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে সংগীতশিল্পী ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মোশারেফ হোসেন শাজাহানের ছেলে আসিফ আলতাফের উদ্যোগে সাংস্কৃতিক কর্মী, শিক্ষক, রাজনৈতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক শ মানুষ অংশ নেন। মানববন্ধন শেষে পথসভা করা হয়।
সভায় বক্তারা বলেন, ওই ঘটনায় করা মামলার আসামি গৃহবধূকে মামলা তুলে নেওয়ার জন্য হত্যার হুমকি দিচ্ছেন। আসামিদের দ্রুত গ্রেপ্তার করা হোক। সংগীতশিল্পী আসিফ আলতাফ বলেন, এ কর্মসূচি মানবতার ওপর নির্যাতনের প্রতিবাদ।
স্থানীয় ব্যক্তিরা বলেন, নীলকমল ইউনিয়ন যুবলীগ নেতা কামরুল ইসলামের সঙ্গে ওই গৃহবধূর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানাজানি হওয়ার পর স্বামী তাঁকে বাবার বাড়ি পাঠিয়ে দেন।
৪ মে বিয়ের দাবি নিয়ে গৃহবধূ কামরুল ইসলামের বাড়িতে অবস্থান নেন। এতে ক্ষুব্ধ হয়ে কামরুল ও তাঁর ভাই জামাল উদ্দিনসহ আত্মীয়স্বজন মিলে গৃহবধূকে আঙিনায় গাছের সঙ্গে বেঁধে জনসমক্ষে পিটিয়ে জখম করেন।
চিৎকার শুনে গ্রামের লোকজন গৃহবধূকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় ওই রাতেই গৃহবধূ বাদী হয়ে চরফ্যাশন থানায় ধর্ষণ ও মারধরের অভিযোগে মামলা করেন। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, তাঁরা প্রধান আসামি কামরুল ইসলামকে গ্রেপ্তার করতে না পারলেও তাঁর ভাই ও বোনকে গ্রেপ্তার করেছেন।
এ বিষয়ে কথা বলার জন্য যোগাযোগের চেষ্টা করেও কামরুল ইসলামের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।