পাবনা শহরের দিলালপুর মহল্লার বেলতলা সড়কে প্রকৌশলী রায়হান তন্ময়কে ছুরিকাঘাতে হত্যার প্রতিবাদে ও হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন স্বজন ও প্রতিবেশীরা। শহরের প্রেসক্লাব মোড়ে গতকাল বৃহস্পতিবার এ মানববন্ধন হয়।
কয়েকজন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে রায়হানের স্বজন ও প্রতিবেশীরা সমবেত হয়ে প্রেসক্লাব মোড়ে এসে মানববন্ধন করেন। প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধনে হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবি করে বিভিন্ন পোস্টার-ব্যানার প্রদর্শন করা হয়। মানববন্ধনে বক্তব্য দেন রায়হানের বাবা জিয়াউল কবির ও মা শাহনাজ পারভীন।
জিয়াউল কবির বলেন, ‘আমার ছেলে পাবনা পলিটেকনিক্যাল থেকে ডিপ্লোমা পাস করে উচ্চশিক্ষা ও চাকরির জন্য ঢাকায় ছিল। কদিন আগেই বাড়িতে এসেছিল সবার সঙ্গে দেখা করতে। কিন্তু কোনো কারণ ছাড়াই মহল্লার একদল সন্ত্রাসী তাকে কুপিয়ে হত্যা করেছে। এরপরও পুলিশ আসামিদের গ্রেপ্তার করছে না। আমি ছেলে হত্যার বিচার চাই।’
শাহনাজ পারভীন বলেন, ‘ছেলেকে ফিরে পাব না। তবে ছেলের হত্যকারীদের ফাঁসি দেখলে শান্তি পাব। পুলিশ কেন তাদের গ্রেপ্তার করে না, আমি জানতে চাই।’
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল রাজ্জাক বলেন, এ ঘটনায় রায়হানের মা বাদী হয়ে মহল্লার নাজিম উদ্দিন, আলমগীর কবিরসহ ১৩ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেছেন। আমরা আসামিদের ধরতে অভিযান অব্যাহত রেখেছি। কিন্তু পলাতক থাকায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।
গত ৩১ জুলাই রাতে মহল্লার সড়কে দাঁড়িয়ে রায়হান বন্ধু রানা আহম্মেদের সঙ্গে গল্প করছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত তাঁদের ঘিরে ধরে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে দুই বন্ধু গুরুতর জখম হয়। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে রায়হানের অবস্থার অবনতি হয়। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।