আসামিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ জেলা যুবলীগের দপ্তর সম্পাদক আবুল বাশারের ওপর হামলার ঘটনায় আসামিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে গতকাল সোমবার মিছিল ও সমাবেশ করেছে সংগঠনটির নেতা-কর্মীরা। জেলা শহরের দলীয় কার্যালয় থেকে দুপুরে মিছিল বের করেন স্থানীয় যুবলীগের নেতা-কর্মীরা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা কালেক্টরেট ভবনের সামনে সমাবেশের আয়োজন করা হয়।জেলা যুবলীগের সভাপতি সুদেব সাহার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সাধারণ সম্পাদক তানজিদ উল্লাহ প্রধান ও সাংগঠনিক সম্পাদক আবদুর রাজ্জাক। সমাবেশে বক্তারা যুবলীগের নেতা আবুল বাশারের ওপর হামলার নিন্দা এবং আসামিদের দ্রুত গ্রেপ্তার ও তাঁদের শাস্তির দাবি জানান। মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, যুবলীগ নেতা বাশারের ওপর হামলার ঘটনায় তাঁর স্ত্রী মৌসুমী বাশার নয়জনকে আসামি করে থানায় মামলা করেছেন। এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বালুমহাল নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তার নিয়ে সৃষ্ট দ্বন্দ্বের জের ধরে গত শনিবার দুপুরে মানিকগঞ্জ পৌর এলাকার পশ্চিম-দাশড়া এলাকায় সন্ত্রাসীরা বাশারের ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। তাঁকে ঢাকার সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।