আসামিদের গ্রেপ্তার করতে তদন্ত কর্মকর্তাকে নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রলীগের কেন্দ্রীয় সহসম্পাদক দিয়াজ ইরফান চৌধুরী হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার, পাসপোর্ট জব্দ করা এবং আসামিরা যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তদন্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন আদালত। মামলার বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার চট্টগ্রামের মুখ্য বিচারিক হাকিম মুন্সী মো. মশিয়ার রহমান শুনানি শেষে এই নির্দেশ দেন।

মামলার বাদী দিয়াজের মা জাহেদা আমিন চৌধুরীর আবেদনে উল্লেখ করা হয়েছে, বেশ কয়েকজন আসামি বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন বলে তাঁরা জানতে পেরেছেন। আসামিরা বিদেশে গেলে আর ফিরে আসবেন না।

আদালত সূত্র জানায়, আদেশে বিচারক উল্লেখ করেছেন, তদন্ত কর্মকর্তা চাইলে যেকোনো আসামিকে গ্রেপ্তার কিংবা জিজ্ঞাসাবাদ করতে পারবেন। এ ক্ষেত্রে তদন্ত কর্মকর্তা সম্পূর্ণ স্বাধীন।

২০১৬ সালের ২০ নভেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় একটি ভবনের দ্বিতীয় তলার ভাড়া বাসা থেকে দিয়াজের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। সেদিন বাসায় দিয়াজ ছাড়া পরিবারের আর কেউ ছিলেন না। লাশ উদ্ধারের ২২ দিন আগে গত বছরের ১৯ অক্টোবর রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় দিয়াজসহ ছাত্রলীগের চার নেতার বাসায় তাণ্ডব চালান প্রতিপক্ষের নেতা-কর্মীরা।

দিয়াজ হত্যা মামলার আসামিরা হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাবেক সহকারী প্রক্টর আনোয়ার হোসেন চৌধুরী, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপু (বর্তমানে কমিটি স্থগিত), সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জামশেদুল আলম চৌধুরী, ছাত্রলীগ নেতা রাশেদুল আলম, আবু তোরাব, মিজানুর রহমান, মো. আরমান, আরিফুল হক, আবদুল মালেক ও মনসুর আলম।

কেন্দ্রীয় রাজনীতিতে যাওয়ার আগে দিয়াজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ছিলেন। ছাত্রলীগের একটি পক্ষ শুরুতে দিয়াজ আত্মহত্যা করেছেন বলে প্রচার করে। তবে অন্য পক্ষ অভিযোগ করেন, ৯৫ কোটি টাকার নির্মাণকাজের দরপত্রের ভাগ-বাঁটোয়ারা নিয়ে বিরোধের কারণে প্রতিপক্ষের নেতা-কর্মীরা দিয়াজকে হত্যা করে বাসায় লাশ ঝুলিয়ে রাখেন। দিয়াজের লাশ উদ্ধারের পরদিন চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রথম ময়নাতদন্ত হয়। ২৩ নভেম্বর পুলিশ জানায়, দিয়াজকে হত্যা করা হয়েছে, এমন আলামত ময়নাতদন্ত প্রতিবেদনে মেলেনি। তখন ওই প্রতিবেদন প্রত্যাখ্যান করে দিয়াজের পরিবারসহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একটি অংশ।

ছেলেকে হত্যা করা হয়েছে, এমন অভিযোগ এনে গত বছরের ২৪ নভেম্বর দিয়াজের মা বাদী হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ১০ নেতা-কর্মীকে আসামি করে আদালতে মামলা করেন। পরে ৬ ডিসেম্বর লাশ কবর থেকে তুলে পুনরায় ময়নাতদন্তের নির্দেশ দেন আদালত। গত বছরের ১১ ডিসেম্বর ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে লাশের দ্বিতীয় ময়নাতদন্ত হয়। প্রতিবেদনটি ১ আগস্ট তদন্ত কর্মকর্তার হাতে এসে পৌঁছায়। এতে বলা হয়, দিয়াজকে শ্বাসরোধে হত্যা করা হয়।

বাদীর পক্ষে মামলাটি পরিচালনা করছেন দিয়াজের বড় বোন জুবাঈদা ছরওয়ার চৌধুরী। তিনি প্রথম আলোকে বলেন, আদালত আসামিদের গ্রেপ্তার ও দেশত্যাগে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তদন্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।

তবে আদালতের আদেশটি এখনো হাতে পাননি বলে গতকাল রাত আটটায় প্রথম আলোকে জানান পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) চট্টগ্রাম অঞ্চলের সহকারী পুলিশ সুপার (এএসপি) হুমায়ুন কবির সরকার। তিনি এই মামলার তদন্ত কর্মকর্তা। আদালতের আদেশ হাতে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানান তিনি।