সিলেটে তরুণ ব্যবসায়ী ও প্রকৌশলী মেহরান সিদ্দিকী হত্যা মামলায় গত এক মাসে ১৮ আসামির মধ্যে মাত্র একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় সিলেটের সর্বদলীয় রাজনৈতিক দলের সংগঠন ‘সন্ত্রাস প্রতিরোধ আন্দোলন’ গতকাল মঙ্গলবার গণ-অবস্থান কর্মসূচি পালন করেছে। তারা অবিলম্বে সব আসামিকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে।নগরের শিবগঞ্জ এলাকার বাসা থেকে গত ৯ ডিসেম্বর রাতে ডেকে নিয়ে হত্যা করা হয় মেহরানকে। ঘটনার পরদিন মেহরানের বাবা জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ সিদ্দিকী ১৮ জনকে আসামি করে মামলা করেন। হত্যাকাণ্ডের এক মাসে হতে চলল, অথচ পুলিশ মাত্র একজন আসামিকে গ্রেপ্তার করেছে। সর্বদলীয় রাজনৈতিক সংগঠনের ব্যানারে গঠিত সন্ত্রাস প্রতিরোধ আন্দোলন গতকাল সকালে সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গণ-অবস্থান কর্মসূচি পালন করে। বেলা ১১টার দিকে সন্ত্রাস প্রতিরোধ আন্দোলনের সভাপতি আ ন ম শফিকুল হকের সভাপতিত্বে এক সমাবেশে জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সেলিম উদ্দিন, সন্ত্রাস প্রতিরোধ আন্দোলন সিলেটের সমন্বয়কারী লোকমান আহমদ, আইনজীবী আনছার খান, মেহরানের বাবা আবদুল্লাহ সিদ্দিকীসহ সিলেটের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা বক্তব্য দেন। সমাবেশে মেহরানের বাবা বলেন, ‘তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রকাশ্যে আমার ছেলেকে কুপিয়ে হত্যা করা হলো। কিন্তু সিলেটের প্রশাসন আসামিদের গ্রেপ্তার করতে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। আমি তাদের প্রতি আস্থা হারিয়ে ফেলছি। আমি কি ছেলে হত্যার বিচার পাব না?’ গণ-অবস্থান কর্মসূচি পালন শেষে সন্ত্রাস প্রতিরোধ আন্দোলনের সাধারণ সম্পাদক আবদুস শহীদ লস্কর প্রথম আলোকে বলেন, অনতিবিলম্বে সব আসামিকে গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। মামলার তদন্ত কর্মকর্তা শাহপরান থানার উপপরিদর্শক বেনু চন্দ্র দাশ জানান, পলাতক অবস্থায় ইকবালকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি সিলেট নগরের খরাদিপাড়া এলাকায়। হত্যাকাণ্ডে ইকবাল সরাসরি জড়িত ছিলেন।এক মাসে মাত্র একজন আসামি গ্রেপ্তার হওয়া প্রসঙ্গে শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী প্রথম আলোকে বলেন, ‘এজাহারভুক্ত সব আসামি পলাতক। তাদের অবস্থান সম্পর্কে জানতে মামলার তদন্ত কর্মকর্তার নেতৃত্বে পুলিশের একটি দল প্রতিদিনই তৎপরতা চালাচ্ছে। কিন্তু আসামিরা পলাতক অবস্থায় অবস্থান পরিবর্তন করায় গ্রেপ্তার বিলম্বিত হচ্ছে।’