বগুড়ায় গত দেড় বছরে যুবলীগের ছয়জন নেতা-কর্মী খুন হলেও অভিযুক্ত ব্যক্তিরা কেউ ধরা পড়েনি। সর্বশেষ রমজান মাসে ও ঈদের ছুটিতে যুবলীগের তিনজন নেতা-কর্মী খুন হলেও পুলিশ ইচ্ছা করেই আসামিদের গ্রেপ্তার করছে না বলে অভিযোগ করেছে জেলা যুবলীগ। গতকাল মঙ্গলবার বগুড়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করে আন্দোলনের হুমকি দিয়েছেন সংগঠনের নেতারা।সংবাদ সম্মেলনে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাগর কুমার রায় লিখিত বক্তব্যে অভিযোগ করেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পৌর কাউন্সিলর সিপার আল বখতিয়ারের নেতৃত্বে সন্ত্রাসীরা রোজার শুরুতে শহরের মালতিনগরে যুবলীগের কর্মী রোকনুজ্জামান মণ্ডলকে (গালকাটা রিপন) গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এই মামলার প্রধান আসামি বখতিয়ার ঘুরে বেড়ালেও পুলিশ তাঁকে গ্রেপ্তার করছে না। গত বৃহস্পতিবার বগুড়ার গাবতলী উপজেলা সদরে গাবতলীর পৌর মেয়র ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোরশেদ মিল্টনের নেতৃত্বে সন্ত্রাসীরা গাবতলী পৌর যুবলীগের সভাপতি তারিকুল ইসলামকে প্রকাশ্যে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ব্যাপারে মিল্টনসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করা হলেও পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। সংবাদ সম্মেলনে অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সভাপতি মঞ্জুরুল আলম, ছাত্রলীগের সাবেক সভাপতি শুভাশীষ পোদ্দার, জেলা যুবলীগের সদস্য আমিনুল ইসলাম, গাবতলী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এম আর ইসলাম, ছাত্রলীগের নেতা রবিউল ইসলাম প্রমুখ।জানতে চাইলে বগুড়ার সহকারী পুলিশ সুপার (সার্কেল) আরিফুর রহমান মণ্ডল বলেন, পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে, তা ঠিক নয়। এর আগে ছাত্রলীগের নেতা জুয়েল হত্যা মামলার সব আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। যুবলীগের কর্মী রিপন হত্যার আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।এদিকে গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করে বরিশাল রেঞ্জে বদলি করা হয়েছে। এর আগে তাঁকে গাবতলী থানা থেকে প্রত্যাহার করে বগুড়া পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছিল। ঈদের আগে গাবতলী পৌর যুবলীগের সভাপতি তারিকুল ইসলাম হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারে ব্যর্থ হওয়ায় তাঁর বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে পুলিশের একাধিক সূত্র জানিয়েছে।