আসামিদের গ্রেপ্তার বিচারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনায় মাদ্রাসাছাত্রী শারমিন হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে গতকাল বুধবার দুপুরে তার সহপাঠীরা মানববন্ধন করেছে। সদর উপজেলার পূর্ব কেওড়াবুনিয়া দাখিল মাদ্রাসার সামনে পরিবারের সদস্য, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এই মানববন্ধনে অংশ নেয়।জানা গেছে, সদর উপজেলার আয়ালা-পাতাকাটা ইউনিয়নের পূর্ব কেওড়াবুনিয়া গ্রামের হারুন সরদারের মেয়ে ও পূর্ব কেওড়াবুনিয়া দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী শারমিন গত ২ নভেম্বর বিকেলে বাড়ি থেকে নিখোঁজ হয়। ৫ নভেম্বর সকালে পায়রা নদীতে ভাসমান অবস্থায় তাঁর লাশ পাওয়া যায়। এ ঘটনায় ৬ নভেম্বর শারমিনের মা শাহিদা বেগম বাদী হয়ে শারমিনের কথিত প্রেমিক মিজানুরসহ পাঁচজনকে আসামি করে বরগুনা থানায় হত্যা মামলা করেন। এর পর প্রায় আড়াই মাস পার হলেও পুলিশ কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। মানববন্ধন চলাকালে শাহিদা বেগম অভিযোগ করেন, ‘আসামিদের মোবাইল ফোন খোলা, তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, আপসের জন্য প্রস্তাব দিচ্ছে এবং আমাদের ভয়ভীতি দেখাচ্ছে। অথচ পুলিশ তাদের খুঁজে পায় না।’ বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শীল মনি চাকমা জানান, মামলা তদন্তে অগ্রগতি হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।