নারায়ণগঞ্জের মাদ্রাসাছাত্র সাগর হোসেন (১৪) হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে নিহত সাগর হোসেনের স্বজন ও এলাকাবাসী। গতকাল মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন হয়। মানববন্ধনে এলাকাবাসী ছাড়াও নিহত সাগর হোসেনের মা বিউটি আক্তার, দাদা দেলোয়ার হোসেন, দাদি হোসনে আরা, চাচা গোলাম হোসেন, রাব্বিসহ আত্মীয়স্বজনেরা অংশ নেন। সাগর সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে বায়তুন নূর ইসলামিয়া মাদ্রাসায় সপ্তম শ্রেণীতে পড়ত। সাগরের মা অভিযোগ করেন, মেয়েঘটিত একটি ঘটনাকে কেন্দ্র করে গত ১০ মে রাতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের উপস্থিতিতে সন্ত্রাসী গোলাম মোহাম্মদ খান গুলু মেম্বার বাহিনী সুমিলপাড়া রেললাইন এলাকায় এলোপাতাড়িভাবে তাদের প্রতিপক্ষের ওপর গুলিবর্ষণ করে। এ সময় দুই পক্ষের মধ্যে পড়ে গুলিবিদ্ধ হয়ে সাগরের মৃত্যু হয়। ওই ঘটনায় সাগরের দাদা দেলোয়ার হোসেন বাদী হয়ে গোলামকে প্রধান আসামি করে ১৪ জনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা করেন। কিন্তু পুলিশ আসামিদের গ্রেপ্তার করছে না। অন্যদিকে মামলা তুলে নিতে মেম্বার ও তাঁর বাহিনীর সদস্যরা হুমকি-ধমকি দিচ্ছেন। এতে তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। গোলাম মোহাম্মদের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য পাওয়া যায়নি। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন জানান, সাগর হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।