আসামিদের গ্রেপ্তারের দাবি
কলেজছাত্রী জলি আক্তারকে আগুনে ঝলসে দেওয়ার প্রতিবাদ এবং আসামি গ্রেপ্তার ও বিচারের দাবিতে স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী গতকাল সোমবার মানববন্ধন করেছেন। জয়পুরহাট সদর উপজেলার মঙ্গলবাড়ি ডিগ্রি কলেজের পাশে মঙ্গলবাড়ি বাজারে এ মানববন্ধন হয়।
দুই সন্তানের জনক স্থানীয় বখাটে সায়েম উদ্দীনের বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় তাঁর দেওয়া আগুনে দগ্ধ হয়ে জলি ও তার নানি বর্তমানে চিকিৎসাধীন।
গতকাল সকাল ১০টার দিকে মঙ্গলবাড়ি ডিগ্রি কলেজসহ এলাকার আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক এবং এলাকাবাসী মিলে এক ঘণ্টার এ মানববন্ধন করেন। জলি মঙ্গলবাড়ি ডিগ্রি কলেজের ছাত্রী। মানববন্ধনে বক্তব্য দেন ওই কলেজের অধ্যক্ষ আফজাল হোসেন, জলির বাবা জহির উদ্দিন প্রমুখ।
জলির মামা সাইদুল ইসলাম জানান, জলি বর্তমানে ঢাকায় অ্যাসিড সারভাইভারস ফাউন্ডেশনে চিকিৎসাধীন।
দিনাজপুরের হাকিমপুর থানার এসআই হাসান বাশির জানান, সায়েমের হাত থেকে নিজেকে বাঁচাতে জলি হাকিমপুরে নানির বাড়িতে আশ্রয় নেয়। তারপরও সে রক্ষা পায়নি। সায়েম জয়পুরহাট থেকে হাকিমপুরে গিয়ে জলি ও তার নানিকে আগুন দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সায়েম পলাতক রয়েছে।