মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সামছুদ্দিন প্রধান হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে গতকাল বুধবার এলাকায় লাঠিমিছিল হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সামছুদ্দিন প্রধান হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বালুয়াকান্দির তেতৈতলা এলাকায় বিকেল সাড়ে পাঁচটার দিকে চার শতাধিক নারী-পুরুষ সড়ক অবরোধ করে লাঠিমিছিল বের করেন। প্রায় আধা ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে অনতিবিলম্বে আসামি গ্রেপ্তারের আশ্বাস দিলে তাঁরা সড়ক থেকে সরে যান।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন-অর রশিদ বলেন, পুলিশ আসামি গ্রেপ্তারে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।
এদিকে ছাত্রলীগের নেতা নিহত মাহবুব আলমের পক্ষের লোকজন গতকাল বিকেলে পাশের বাউশিয়া ফরাজীকান্দি গ্রামে আক্রমণ চালিয়ে দুটি ঘর ভাঙচুর, কয়েকটি গরু লুট এবং বৃদ্ধা জরিনা বেগম (৭৫) ও জায়েদা খাতুনকে (৭০) পিটিয়ে আহত করেন বলে অভিযোগ পাওয়া গেছে। গ্রামের হক মিয়া ও জনু হোসেন বলেন, নির্বাচন-পরবর্তী সহিংসতায় মাহবুব মারা যাওয়ার কারণে তাঁদের গ্রামে মাহবুবের পক্ষের লোকজন হামলা চালায়। ওসি মামুন-অর রশিদ বলেন, এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি।