ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ছেলেকে বেঁধে রেজিয়া বেগমকে হত্যা করার মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে গতকাল রোববার মানববন্ধন করেছে এলাকাবাসী। এ সময় হত্যা মামলার বাদীর বিরুদ্ধে মিথ্যা মামলা করার প্রতিবাদও করা হয়।
উপজেলা পরিষদের সামনে গতকাল রোববার সকালে এ মানববন্ধন হয়। উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের জগন্নাথপুর, আমতলী, নোয়ামুড়া, বাড়াই, গোপীনাথপুর, উপজেলা সদরের বিভিন্ন গ্রামের মানুষ এতে অংশ নেয়।
পুলিশ জানায়, গত ১৯ সেপ্টেম্বর কসবা উপজেলার জগন্নাথপুর আমতলী গ্রামের রেজিয়া বেগমকে (৪০) তাঁর ঘরে ঢুকে গলা কেটে হত্যা করে একদল দুর্বৃত্ত। এ সময় তাঁরা রেজিয়ার ছেলে মাসুক মিয়াকে (১২) রশি দিয়ে বেঁধে রাখে। এ ঘটনায় রেজিয়ার বড় ভাই আবুল খায়ের থানায় হত্যা মামলা করেন। পরে পুলিশ আল-আমিন পাঠান (২৫) ও জান্নাত মিয়া (২৫) নামের দুজনকে গ্রেপ্তার করে। তাঁরা ডাকাতিসহ খুনের ঘটনায় জড়িত থাকার বিষয়ে আদালতের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ঘটনার প্রায় দেড় মাস পরেও অন্য চার আসামি গ্রেপ্তার হয়নি।
আবুল খায়ের বলেন, এ মামলার আসামি ইব্রাহিম মিয়ার (২৫) বাবা আবুল কাশেম তাঁর বাড়িঘর ভাঙচুরের অভিযোগে ২৩ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়া বিচারিক হাকিমের আদালতে তিনিসহ তাঁর ভাইদের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) এএসপি আবদুল আউয়াল গত ৩১ অক্টোবর কাশেমের বাড়ি পরিদর্শনও করেছেন। এদিকে তিনি (খায়ের) তাঁর বাড়ি ভাঙচুরের বিষয়ে ২৮ অক্টোবর কসবা থানায় অভিযোগ করেছেন। গতকাল পর্যন্ত থানায় মামলাটি এজাহারভুক্ত হয়নি।
নিহতের ছেলে মাসুক মিয়া বলে, আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহিউদ্দিন বলেন, হত্যা মামলার বাদীর অভিযোগটি তদন্ত করা হচ্ছে। হত্যা মামলার বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।