আসামিদের গ্রেপ্তারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নুরুল আমিন হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে চট্টগ্রামের সাতকানিয়ায় মানববন্ধন হয়েছে। গতকাল রোববার বিকেলে সাতকানিয়া সরকারি কলেজসংলগ্ন গোয়াজরপাড়া এলাকায় এ কর্মসূচি পালন করে স্থানীয় বাসিন্দারা। গত বছরের ৩০ ডিসেম্বর পৌর নির্বাচনে ৯ নম্বর ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বী দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে নিহত হন নুরুল আমিন।   

মানববন্ধনে বক্তারা বলেন, হত্যাকাণ্ডের চার দিনেও পুলিশ কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

হত্যাকাণ্ডের পর গত বৃহস্পতিবার রাতে নিহত নুরুল আমিনের স্ত্রী বাদী হয়ে ৯ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর মোজাম্মেল হকসহ নয়জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন।

মানববন্ধনে বক্তব্য দেন সাতকানিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আয়ুব চৌধুরী, সাবেক ইউপি সদস্য আজম খান, পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মো. আবদুল হালিম, মনিরুল ইসলাম, ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ সেলিম ও নিহত ব্যক্তির বড় ছেলে মোহাম্মদ সাকিব।

সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) মাহমুদুল হাই  বলেন, হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।