আসামিদের গ্রেপ্তারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে এক যুবককে অ্যাসিড নিক্ষেপের ঘটনায় করা মামলায় তিন মাসেও আসামিদের গ্রেপ্তার করা হয়নি। গতকাল বুধবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে ওই যুবকের পরিবার সংবাদ সম্মেলন করে আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানায়।
যুবকটির বাবা বাবুল চন্দ্র দে সংবাদ সম্মেলনে বলেন, তাঁর ছেলে তমাল চন্দ্র দেকে ডেকে নিয়ে গত ১০ ফেব্রুয়ারি নগরের গুডস হিল এলাকায় অ্যাসিড নিক্ষেপ করে দৃর্বৃত্তরা। তমালের দুটি চোখই নষ্ট হয়ে গেছে। এ ঘটনার তিন মাস পেরিয়ে গেলেও পুলিশ একজন আসামিকেও গ্রেপ্তার করেনি।
সংবাদ সম্মেলনে তমাল চন্দ্র দে, তাঁর মা অর্চনা রানী দে ও বোন তমা দে উপস্থিত ছিলেন।
তমালের মা অর্চনা রানী দে অভিযোগ করে বলেন, এক নারীর সঙ্গে তাঁর ছেলের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু মেয়েটির আগের একটি সম্পর্ক নিয়ে তাঁর ছেলের সঙ্গে বাগ্বিতণ্ডা হয়। এ ঘটনার জেরে তাঁর ছেলেকে অ্যাসিড মারা হয়।
পরে প্রসক্লাবের সামনে পরিবারটি মানববন্ধন করে।
কোতোয়ালি থানার ওসি জসীম উদ্দীন বলেন, যে ফেসবুক আইডি ব্যবহার করে তমালকে গুডস হিলের সামনে ডেকে নিয়ে যাওয়া হয়েছে, তা শনাক্তের জন্য সিআইডিকে বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর আসামিদের গ্রেপ্তার করা হবে।