রংপুর নগরের খটখটিয়া এলাকার কলেজছাত্র ফরিদুল হাসান হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসী মিছিল ও সংবাদ সম্মেলন করেছেন। গতকাল শুক্রবার শান্তি কমিটির উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
বেলা সাড়ে ১১টায় খটখটিয়া মাধ্যমিক বিদ্যালয় মোড়ে সংবাদ সমেঞ্চলনের আয়োজন করা হয়। এতে জাকির হোসেন, শান্তি কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা মোস্তাফিজার রহমান প্রমুখ বক্তৃতা করেন। বক্তারা দ্রুত ফরিদুল হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবি জানান।
পুলিশ জানায়, নগরের খটখটিয়া এলাকায় গত বছরের ২৩ ডিসেম্বর মজিবর রহমানের ছেলে ও আনন্দলোক কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র ফরিদুলকে (২০) সন্ত্রাসীরা কুপিয়ে জখম করে। ওই দিনই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের বড় ভাই নাজমুল হাসান বাদী হয়ে আমিনুর, হেলালসহ নয়জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। দেড় মাস পরও পুলিশ কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, পালিয়ে থাকায় আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে না।