খুলনার পাইকগাছা উপজেলার হরিঢালি ইউনিয়নের উলুডাঙ্গা গ্রামে ১১ সেপ্টেম্বর (ঈদের রাত) রাতে এসিড-সন্ত্রাসের শিকার নজরুল মোড়ল (৩৫), তাঁর স্ত্রী তাসলিমা বেগম (২৭) ও মেয়ে রুপাকে (৯) উন্নত চিকিৎসার জন্য গত বুধবার ঢাকায় পাঠানো হয়েছে। ঘটনার এক সপ্তাহ পেরিয়ে গেলেও পুলিশ এখনো আসামিদের গ্রেপ্তার করতে পারেনি।এদিকে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে আজ রোববার খুলনায় মানববন্ধন কর্মসূচি পালিত হবে। ‘আর একটি মুখও যেন এসিডে ঝলসে না যায়’—এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে এসিডদগ্ধ নারীদের জন্য প্রথম আলো সহায়ক তহবিলের সহযোগিতায় প্রথম আলো খুলনা বন্ু্লসভা এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছে। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নগরের পিকচার প্যালেস মোড়ে মানববন্ধন পালিত হবে। মানববন্ধনে খুলনার সব শ্রেণী-পেশার নাগরিককে যোগদান করতে প্রথম আলো বন্ধুসভার পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।এসিড নিক্ষেপের ঘটনায় দায়ের করা মামলার বাদী মুক্তিযোদ্ধা আবদুল গফুর মোড়লকে মামলা তুলে নেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে এবং আসামিরা এলাকায় ঘুরে বেড়ালেও পুলিশ তাদের ধরছে না বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, আসামিরা সম্ভবত এলাকার বাইরে গা-ঢাকা দিয়েছে, তবে অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।