আসামিদের গ্রেপ্তারের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৌরসভা নির্বাচনের দিন সাতকানিয়ায় গুলিতে নিহত ব্যবসায়ী নুরুল আমিনের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে গতকাল রোববার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন করা হয়েছে। এ সময় নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
গত বছরের ৩০ ডিসেম্বর পৌরসভা নির্বাচনের দিন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার গোয়াজারপাড়া এলাকায় দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ চলাকালে গুলিতে নিহত হন নুরুল আমিন। এ ঘটনায় নুরুল আমিনের স্ত্রী নুরুন্নাহার বেগম বাদী হয়ে ৯ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হকসহ নয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় ১৫ থেকে ২০ জনকে আসামি করে সাতকানিয়া থানায় মামলা করেন।
নিহত ব্যক্তির দশম শ্রেণি পড়ুয়া ছেলে মো. শাকিব তার বাবার হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে বলে, ‘বাবার হত্যাকারীরা কি ধরা পড়বে না। পুলিশ কি তাদের ধরবে না। বিচার কি পাব না।’
নুরুন্নাহার বেগম তাঁর স্বামীর হত্যাকারীরা গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। তিনি আসামিদের গ্রেপ্তারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন নগর ছাত্রলীগের সদস্য আবদুল্লাহ আল রুবেল, ব্যাংক কর্মকর্তা নুরুল ইসলাম, আবু তাহের, আবদুল হালিম, মনিরুল ইসলাম, শাকিল মাহমুদ, রাশেদুল আরেফিন, মহিউদ্দিন, গিয়াসউদ্দিন, আমিনুল ইসলাম, মো. কায়েস প্রমুখ।
আসামিদের গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাই গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, কাউকে এখনো গ্রেপ্তার করা যায়নি। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।