দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার কচুয়া গ্রামের আদিবাসী টুডু সরেনের হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল মঙ্গলবার দিনাজপুর প্রেসক্লাবের সামনে আদিবাসীরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন।
গতকাল দুপুরে জাতীয় আদিবাসী পরিষদ ও জাতীয় আদিবাসী ছাত্র পরিষদের উদ্যোগে এ মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে জাতীয় আদিবাসী পরিষদ দিনাজপুর শাখার সাধারণ সম্পাদক আলেকজান্ডার হাসদার সভাপতিত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টির নবাবগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবুল কাসেম, বিরামপুর শাখার সভাপতি যোসেফ হেমরম, নিহত কৃষক টুডু সরেনের ছেলে রবি সরেন, ছাত্রনেতা রূপলাল মুরমু প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে রবীন্দ্রনাথ সরেন বলেন, ভূমিদস্যু আবদুল গোফ্ফার ও তাঁর পরিবারের সদস্যরা টুডু সরেনের জমি জাল দলিলের মাধ্যমে দখল করতে না পেরে দিনের বেলায় গত ২ আগস্ট প্রকাশ্যে তাঁকে কুপিয়ে হত্যা করে। এর আগে গোফ্ফারের বাবা গোলজার হোসেনসহ ভূমিদস্যু কুশদহ ইউনিয়নের সাবেক ভাইস চেয়ারম্যান মহির উদ্দিন টুডু সরেনের বাবা ফাগু সরেনের প্রায় ১৫ একর জমি দখল করে। ফাগু সরেন এর প্রতিবাদ করায় ১৯৬৪ সালে মহির উদ্দিন, আজাহার আলীসহ অন্যরা তাঁকে হত্যা করে। ২০০৯ সালে টুডু সরেনের ভাই গোসাই সরেনকেও হত্যা করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন পরিষদের সভাপতি বিভূতিভূষণ মাহাতো। বাংলাদেশ আদিবাসী সমিতির সভাপতি বিশ্বনাথ সিং বলেন, আদিবাসীদের ওপর নির্যাতনের মাত্রা যে হারে বাড়ছে, তাতে আদিবাসীদের অস্তিত্ব বিপন্ন হতে চলেছে। আগামী সাত দিনের মধ্যে টুডু সরেনের হত্যাকারীদের গ্রেপ্তার করা না হলে দিনাজপুরের আদিবাসীরা ১৪ সেপ্টেম্বর জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করবেন বলে জানান তিনি।
এদিকে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বলেন, ঘটনার পর গোফ্ফারের স্ত্রী হাওয়া বিবিকে পুলিশ গ্রেপ্তার করে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়ে গেছে।