আসামিদের গ্রেপ্তারের দাবিতে নাগরিক সমাজের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ২৪ ঘণ্টার মধ্যে এসিড-সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে কুমিল্লার নাগরিক সমাজ। অন্যথায় বৃহত্তর কর্মসূচির ডাক দেওয়ার হুঁশিয়ারি দেয় তারা। গতকাল সোমবার নগরের আওয়ার লেডী অব ফাতিমা গার্লস হাইস্কুল-সংলগ্ন সড়কে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে বক্তারা এ হুঁশিয়ারি দেন। গত শনিবার ওই বিদ্যালয়ের দুই সহকারী শিক্ষক জসিম উদ্দিন ও আল আমিনের ওপর এসিড নিক্ষেপের ঘটনায় ওই মানববন্ধন হয়। এসিড-সন্ত্রাস নির্মূল কমিটির ব্যানারে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী ওই কর্মসূচি পালিত হয়। এতে কুমিল্লার সর্বস্তরের নাগরিক, শিক্ষক, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন পত্রিকার পাঠকসংগঠনের সদস্যরা অংশ নেন। পরে এসিড-সন্ত্রাস নির্মূল কমিটির সভাপতি দিলনাশি মোহসেনের সভাপতিত্বে এক প্রতিবাদ সমাবেশ হয়। এতে বক্তব্য দেন: বেসরকারি উন্নয়ন সংস্থা এইড কুমিল্লার নির্বাহী পরিচালক রোকেয়া বেগম, এসিড-সন্ত্রাস নির্মূল কমিটির সাধারণ সম্পাদক মাহমুদা আক্তার, সুশাসনের জন্য নাগরিক (সুজন) কুমিল্লার সভাপতি মমিনুল হক চৌধুরী, সচেতন নাগরিক কমিটি কুমিল্লার সভাপতি শাহ মো. আলমগীর খান, আওয়ার লেডী অব ফাতিমা গার্লস হাইস্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ফাদার কমল কোরাইয়া, একই বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সাবেক সদস্য চিকিৎসক আবু আইয়ুব হামিদ, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিস্টার মেরী শিখা, বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আলী হোসেন চৌধুরী, লালমাই ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ শফিকুর রহমান, পেইজ কুমিল্লার নির্বাহী পরিচালক লোকমান হাকিম এবং বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার সভাপতি মো. আফছার উদ্দিন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক গাজীউল হক। প্রতিবাদ সমাবেশে ঢাকা থেকে আগত আওয়ার লেডী অব ফাতিমা গার্লস হাইস্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ফাদার কমল কোরাইয়া বলেন, ‘ঘটনার তিন দিন হলেও পুলিশের কাছ থেকে আসামি গ্রেপ্তারের ব্যাপারে কোনো ধরনের সাড়া মেলেনি। আমরা এসিড-সন্ত্রাসীদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি দেওয়ার দাবি জানাচ্ছি।’ মানববন্ধন কর্মসূচির একপর্যায়ে উপস্থিত হন কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ। তিনি সংহতি জানিয়ে বলেন, ‘পুলিশ আসামিদের গ্রেপ্তারের জন্য জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হয়েছে।’ গত শনিবার দুপুর দুইটায় কুমিল্লা মহানগরের পুরাতন চৌধুরীপাড়া এলাকার টিঅ্যান্ডটি মসজিদের কাছে আওয়ার লেডী অব ফাতিমা গার্লস হাইস্কুলের দুই শিক্ষক জসিম উদ্দিন ও আল আমিন বিদ্যালয় থেকে বাসায় ফেরার পথে এসিড-সন্ত্রাসের শিকার হন। বর্তমানে ওই দুই শিক্ষক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন।