এসিড-সন্ত্রাস মামলার আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে গতকাল রোববার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খুলনায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। ‘আর একটি মুখও যেন এসিডে ঝলসে না যায়’—এই স্লোগান নিয়ে এসিডদগ্ধ নারীদের জন্য প্রথম আলো সহায়ক তহবিলের সহযোগিতায় খুলনা বন্ধুসভা নগরের পিকচার প্যালেস মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করে।খুলনার পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়নের উলুডাঙ্গা গ্রামে ১১ সেপ্টেম্বর (ঈদের রাত) মুক্তিযোদ্ধা আবদুল গফুর মোড়লের ছেলে নজরুল মোড়ল (৩৫), নজরুলের স্ত্রী তাসলিমা বেগম (২৭) ও শিশুকন্যা রুপাকে (৯) এসিড ছোড়া হয়। এ মামলার আসামি আবু তালেব মোল্লা, রব্বানী মোল্লা, মোস্তফা মোল্লা ও সিদ্দিক মোল্লা। কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা খুলনার সমন্বয়কারী মোমিনুল ইসলাম, ‘আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট’ খুলনার চেয়ারপারসন শামীমা সুলতানা, ‘গৃহসুখন’-এর পরিচালক মাসুমা রহমান, ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি শেখ ফারুক হাসান, খুলনা বন্ধুসভার রবিউল আলম ও প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শেখ আবু হাসান। শুভেচ্ছা বক্তব্য দেন প্রথম আলোর খুলনা প্রতিনিধি মনোজ কুমার মজুমদার।মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তারা বলেন, অবিলম্বে এসিড-সন্ত্রাসীদের গ্রেপ্তার করে তাদের আইনের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। সন্ত্রাসীরা যাতে কোনোভাবেই ছাড় না পায়, সে জন্য সবাইকে সচেতন হতে হবে। বক্তারা এসিডদগ্ধদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সরকার ও সংশ্লিষ্টদের অনুরোধ জানান।মামলা করার পর এক সপ্তাহের বেশি সময় পার হয়ে গেলেও পুলিশ এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। এদিকে মামলা তুলে নিতে আসামিপক্ষের লোকজন মামলার বাদী ও তাঁর পরিবারকে চাপ ও হুমকি দিচ্ছে বলে এসিডে আক্রান্ত ব্যক্তিদের পারিবারিক সূত্রে দাবি করা হয়েছে।