আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ট্রাকচালককে মারধরের অভিযোগে হওয়া মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছেন পরিবহনশ্রমিকেরা। গতকাল বৃহস্পতিবার তাঁরা উপজেলা শহরে এসব কর্মসূচি পালন করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, ৪ মে রাতে রুবেল মিয়া (২৭) নামের এক ট্রাকচালক বালু বোঝাই করে একটি ট্রাক নিয়ে উপজেলার তারাগঞ্জ দক্ষিণ বাজারে যান। এ সময় স্থানীয় ১০-১২ জন যুবক চালকের কাছে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করায় তরুণেরা তাঁকে মারধর করেন। এই ঘটনায় ৫ মে ট্রাকচালক রুবেল মিয়া বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ ও আরও অজ্ঞাতনামা ১০-১৫ জনের বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় মামলা করেন। পরদিন পুলিশ ওই মামলার ছয়জন আসামিকে গ্রেপ্তার করলে শেরপুর জেলা ট্রাক, মিনিট্রাক, ট্যাংকলড়ি ও কাভার্ডভ্যান চালক ইউনিয়নের নালিতাবাড়ী শাখার সভাপতি মোকছেদুর রহমান কর্মসূচি স্থগিত ঘোষণা করেন।
পরিবহনশ্রমিকেরা জানান, ওই মামলার প্রধান আসামি সোহেল মিয়াসহ চার আসামিকে পুলিশ আজও গ্রেপ্তার করতে পারেনি। এ কারণে গতকাল বিকেলে তঁাদের গ্রেপ্তারের দাবিতে পরিবহনশ্রমিকেরা শহরে একটি বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে তারাগঞ্জ উত্তর বাজার এলাকায় ইউনিয়নের কার্যালয়ের সামনের সড়কে পথসভা করে। ইউনিয়নের সভাপতি মোকছেদুর রহমানের সভাপতিত্বে বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী প্রমুখ বক্তৃতা করেন।