আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ শাহিন খান (২০) এবং তাঁর সহোদর শামীম খান (২২) হত্যা মামলার সব আসামিকে গ্রেপ্তারের দাবিতে গতকাল সোমবার বিক্ষোভ করেছেন ওই কলেজের শিক্ষার্থীরা। এ সময় তাঁরা আসামিদের গ্রেপ্তারের জন্য ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দেন।

শিক্ষার্থীরা জানান, গতকাল কলেজের শিক্ষার্থীরা শাহিন ও শামীম হত্যা মামলার সব আসামিকে গ্রেপ্তারের দাবিতে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন। পরে কলেজের প্রধান ফটকের সামনে এক প্রতিবাদ সভা হয়। এতে সভাপতিত্ব করেন কলেজছাত্র মাহবুবুল ইসলাম চৌধুরী। সৈয়দ তায়েফুজ্জামানের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কলেজছাত্র পলাশ খান, মুর্শেদা আক্তার। সভায় বক্তারা বলেন, ২৩ দিন পার হলেও এখন পর্যন্ত পুলিশ সব আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করা না হলে হরতালসহ লাগাতার কর্মসূচি দিয়ে ফেঞ্চুগঞ্জকে অচল করে দেওয়া হবে হুমকি দেন তাঁরা।

৩ আগস্ট রাতে ফেঞ্চুগঞ্জ সার কারখানা বাজারে শাহিন ও শামীমকে একদল সন্ত্রাসী কুপিয়ে হত্যা করে। তাঁদের বড় ভাই শাকিল খান ৪ আগস্ট আট ব্যক্তির নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। পরে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবদুর রউফ ও তাঁর ভাগনে শাকিল মিয়াকে পুলিশ গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।