ঢাকার নবাবগঞ্জের ফরহাদ হোসেন হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে স্থানীয় উপজেলা পরিষদ চত্বরে ওই বিক্ষোভ ও মানববন্ধনের আয়োজন করা হয়। পরে এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান মাহবুবুর রহমানের কাছে স্মারকলিপি পেশ করে। এ সময় নিহত ফরহাদের স্ত্রী মরিয়ম বেগমও উপস্থিত ছিলেন।নবাবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবদুল আজিজ জানান, আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।গত ২৩ এপ্রিল উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের আজিজপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশী শেখ চুন্নু, তাঁর স্ত্রী সুফিয়া বেগম, ছেলে স্বপন, ফাহাদ, নূর আলমসহ অজ্ঞাত পরিচয়ের আরও কয়েকজন রড ও লাঠিসোঁটা দিয়ে ফরহাদ হোসেনকে (৩৫) পিটিয়ে গুরুতর আহত করে। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। দীর্ঘ ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর ৪ মে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।