আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, মৌন মিছিল
পাবনার সাঁথিয়া উপজেলার ভায়নাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা আরিফা খাতুন হত্যার ঘটনার তিন দিন পেরিয়ে গেলেও এখনো মূল ঘাতকেরা শনাক্ত না হওয়ায় ক্ষুব্ধ হয়ে উঠছেন জেলার প্রাথমিক শিক্ষকেরা। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা সরকারি-বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি অবিলম্বে মূল ঘাতকদের গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি ও নিজেদের নিরাপত্তার দাবিতে শহরে মানববন্ধন, মৌন মিছিল ও স্মারকলিপি দিয়েছে। এদিকে আগামী ১০ দিনের মধ্যে মূল আসামিদের গ্রেপ্তার না করা হলে দেশব্যাপী বৃহৎ আন্দোলন কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি। তবে মঙ্গলবার সকালে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মো. আফসারুল আমীন ঘটনাস্থল ভায়নাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করে অবিলম্বে ঘাতকদের গ্রেপ্তারের আশ্বাস দিয়ে শিক্ষকদের শান্ত থাকতে আহ্বান জানিয়েছেন।ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করে একই দাবিতে বাংলাদেশ মহিলা পরিষদ পাবনা জেলা শাখা, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ, পাবনা প্রতিশ্রুতিসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন শহরে মানববন্ধন করে। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বি এম আসাদুল্লা মুঠোফোনে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রথম আলোকে বলেন, ‘আমরা আগামী ১০ দিনের মধ্যে মূল ঘাতকদের গ্রেপ্তারের দাবি জানাই। ১০ দিনের মধ্যে ঘাতকদের গ্রেপ্তার না করা হলে প্রাথমিক শিক্ষকেরা দেশব্যাপী বৃহৎ আন্দোলন-কর্মসূচি ঘোষণা করবে। এ বিষয়ে পাবনার পুলিশ সুপার জাহাঙ্গির হোসেন মাতুব্বর প্রথম আলোকে বলেন, ‘মূল আসামিদের শনাক্ত করতে আমরা সব রকম চেষ্টাই চালিয়ে যাচ্ছি। পুলিশের একাধিক গোয়েন্দা সংস্থা কাজ শুরু করেছে। রিমান্ডে ভ্যানচালক রবিউল ইসলাম কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। মূল আসামিকে গ্রেপ্তারের স্বার্থে এর চেয়ে বেশি কিছু বলা সম্ভব হচ্ছে না। খুব শিগগিরই তাকে গ্রেপ্তার করতে পারব বলে আশা করছি।’গত রোববার দুপুর সোয়া ১২টার দিকে এক দুর্বৃত্ত শ্রেণীকক্ষে ঢুকে শিক্ষিকা আরিফাকে (২৮) কুপিয়ে গুরুতর জখম করে একটি ভ্যানে করে পালিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পথে আরিফার মৃত্যু হয়। এ ঘটনায় আতাইকুলা থানায় ভ্যানচালক রবিউলসহ দুজনকে আসামি করে একটি হত্যা মামলা করা হয়েছে। রোববার রাতেই রবিউলকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।